সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:২৩ অপরাহ্ন, ২৬ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিকের সন্ধান চলছে

ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার তিন দিন পর মঙ্গলবার (২৫ আগস্ট) ঘটনাস্থলের কাছ থেকে একটি লাইফবোট ও জরুরি বিপদসংকেত পাঠানোর যন্ত্র উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটির নিখোঁজ ২২ নাবিকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার নামের জাহাজটি শনিবার রাতে ডুবে যাওয়ার পর থেকেই ভারতীয় কোস্টগার্ড ব্যাপক উদ্ধার […]

বঙ্গোপসাগরে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিকের সন্ধান চলছে
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার তিন দিন পর মঙ্গলবার (২৫ আগস্ট) ঘটনাস্থলের কাছ থেকে একটি লাইফবোট ও জরুরি বিপদসংকেত পাঠানোর যন্ত্র উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটির নিখোঁজ ২২ নাবিকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার নামের জাহাজটি শনিবার রাতে ডুবে যাওয়ার পর থেকেই ভারতীয় কোস্টগার্ড ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছে। জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তারা জানান, মঙ্গলবার অনুসন্ধানের সময় কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস ভারদ একটি জরুরি বিপদসংকেত শনাক্ত করে। পরে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, সংকেতটি এমভি ওশান উইনারের জরুরি অবস্থান নির্দেশকারী রেডিও বীকন বা ইপিআইআরবি থেকে এসেছে।

কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়াল জানান, একটি নৌবাহিনীর বিমান আকাশপথে অনুসন্ধানের সময় ওই বিপদসংকেত শনাক্ত করে। পরে সংকেতের অবস্থান আইসিজিএস ভারদকে জানানো হলে কোস্টগার্ডের জাহাজটি ঘটনাস্থলে গিয়ে বীকনটি উদ্ধার করে।

লাইফবোট পাওয়া গেলেও নেই কোনো নাবিক

মঙ্গলবার উদ্ধারকারী দল একটি লাইফবোটেরও সন্ধান পায়। পরে একটি দল লাইফবোটে উঠে সেটি পরীক্ষা করে। তবে সেখানে কোনো জীবিত নাবিককে পাওয়া যায়নি।

নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে ভারতীয় কোস্টগার্ডের পাশাপাশি চীনও সহযোগিতা করছে। চীনের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার (এমআরসিসি) বেইজিং ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

চীন এরই মধ্যে উদ্ধার অভিযান জোরদার করতে দুটি বাণিজ্যিক জাহাজও পাঠিয়েছে।

নিখোঁজদের মধ্যে বাংলাদেশি নাবিকও

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এমভি ওশান উইনারে থাকা ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের নাগরিক। জীবিত উদ্ধার হওয়া দুজনও চীনা নাগরিক। এছাড়া জাহাজটিতে তিনজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি নাবিক ছিলেন।

নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ডের জাহাজ, বিমান এবং এলাকায় থাকা বাণিজ্যিক জাহাজ দিয়ে বিস্তৃত এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মুখপাত্র অমিত উনিয়াল।

তিনি বলেন, নিখোঁজ নাবিকদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। আরও কোস্টগার্ডের জাহাজ এবং ওই এলাকায় থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে অনুসন্ধান কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।

মাত্র আট মিনিটে ডুবে যায় জাহাজ

কর্মকর্তারা জানান, রোববার গভীর রাতে ওডিশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৩০ নটিক্যাল মাইল বা ৪২৫ কিলোমিটার দূরে এমভি ওশান উইনার ডুবে যায়।

জাহাজটি প্রথমে একদিকে কাত হয়ে পড়ে এবং মাত্র আট মিনিটের মধ্যেই পুরোপুরি সমুদ্রে ডুবে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমভি ওশান উইনারে ৭২ হাজার টনেরও বেশি লৌহ আকরিক ছিল। ওডিশা থেকে এসব লৌহ আকরিক চীনে নিয়ে যাচ্ছিল জাহাজটি। পথে সিঙ্গাপুরে থামার কথা ছিল।

জাহাজডুবির পর থেকে নিখোঁজ ২২ নাবিকের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। লাইফবোট ও জরুরি বিপদসংকেতের যন্ত্র উদ্ধার হলেও এখনো নিখোঁজ নাবিকদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ