২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে টিকটক। প্রতিবেদনে দেখা গেছে, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও সরিয়ে দিয়েছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। টিকটকের তথ্য অনুযায়ী, সরিয়ে দেওয়া ভিডিওগুলো ওই সময় বাংলাদেশ থেকে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৮ শতাংশ। […]
ছবি: সংগৃহীত
২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে টিকটক। প্রতিবেদনে দেখা গেছে, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও সরিয়ে দিয়েছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
টিকটকের তথ্য অনুযায়ী, সরিয়ে দেওয়া ভিডিওগুলো ওই সময় বাংলাদেশ থেকে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৮ শতাংশ। স্বয়ংক্রিয় কনটেন্ট শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে ৯৯.৬ শতাংশ ভিডিও ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার আগেই শনাক্ত করে মুছে ফেলা হয়েছে। এর মধ্যে ৯৪.৪ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে অপসারণ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভুলবশত অপসারণ করা কনটেন্ট পর্যালোচনার সুযোগ রাখা হয়েছিল। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ৩ লাখ ২০ হাজার ৫৯৩টি ভিডিও আবারও প্ল্যাটফর্মে পুনর্বহাল করা হয়েছে।
বিশ্বব্যাপী একই সময়ে টিকটক মোট ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও সরিয়েছে, যা ওই সময় আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৫ শতাংশ। বৈশ্বিক পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও শনাক্ত ও অপসারণের হার ছিল ৯৯.৩ শতাংশ।
নিরাপদ প্ল্যাটফর্ম নিশ্চিত করতে টিকটক বিশ্বজুড়ে ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে। এছাড়া ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে আরও ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
কনটেন্টের পাশাপাশি মন্তব্য (কমেন্ট) নিয়ন্ত্রণেও সক্রিয় ছিল প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মন্তব্য সরিয়ে ফেলা হয়েছে, যা আগের প্রান্তিকের তুলনায় বেশি।
টিকটকের তথ্য অনুযায়ী, অপসারণ করা ভিডিওগুলোর মধ্যে ১৮.৬ শতাংশ সংবেদনশীল বিষয়বস্তু, ১৬.৫ শতাংশ ঝুঁকিপূর্ণ কার্যকলাপ বা চ্যালেঞ্জ, ১২.৯ শতাংশ অশালীন আচরণ, ১২.৬ শতাংশ নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘনের কারণে সরানো হয়েছে। এছাড়া ২.১ শতাংশ ভিডিও সম্পাদিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম নিশ্চিত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং মানবিক পর্যালোচনার সমন্বয়ে কনটেন্ট পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।