বাংলাদেশি পর্যটকদের আবারও স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন কলকাতার ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত এলাকার ব্যবসায়ীরা। পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে তারা ন্যায্য মূল্যে পণ্য ও সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, গত প্রায় দুই বছরে বাংলাদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে সেই ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে অতিরিক্ত দামে পণ্য […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশি পর্যটকদের আবারও স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন কলকাতার ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত এলাকার ব্যবসায়ীরা। পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে তারা ন্যায্য মূল্যে পণ্য ও সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্যবসায়ীদের দাবি, গত প্রায় দুই বছরে বাংলাদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে সেই ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রির পথে হাঁটতে চান না তারা। বরং দীর্ঘমেয়াদে বাংলাদেশি ক্রেতাদের আস্থা অর্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণার পর কলকাতার মারকুইস স্ট্রিট, সুদ্দার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রাফি আহমেদ কিদওয়াই রোড ও কলিন স্ট্রিট এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এসব এলাকার হোটেল, রেস্টুরেন্ট, খুচরা দোকান ও বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করে তাদের দূরে সরিয়ে দিতে চান না তারা। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সেবা খাত সংশ্লিষ্টদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, পর্যটকদের কাছে ন্যায্য মূল্যে পণ্য ও সেবা নিশ্চিত করা হবে।
ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব হায়দার আলি খান বলেন, গত দুই বছরে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে এখন রাতারাতি সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সময় নয়। পর্যটকরা যদি ভালো সেবা ও অর্থের যথাযথ মূল্য পান, তাহলে তারা আবারও কলকাতায় ফিরবেন এবং অন্যদেরও আসতে উৎসাহিত করবেন।
কলকাতা হোটেল, গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও জানিয়েছেন, তারা বাংলাদেশি পর্যটকদের আগের মতোই স্বাগত জানাতে প্রস্তুত এবং দীর্ঘমেয়াদি পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতেই আগ্রহী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া