আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের হোটেল ব্যবসায় বড় ধরনের লাভের আশা করা হয়েছিল। তবে বাস্তবে প্রত্যাশামতো বুকিং না হওয়ায় এখন উদ্বেগে রয়েছেন দেশটির হোটেল মালিকরা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বকাপ আয়োজনকারী শহরগুলোর বেশিরভাগ হোটেলে বুকিংয়ের হার পূর্বাভাসের তুলনায় অনেক কম। আটলান্টা, ডালাস, হিউস্টন, নিউইয়র্ক, মিয়ামি, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরের হোটেল মালিকরা জানিয়েছেন, আন্তর্জাতিক […]
ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের হোটেল ব্যবসায় বড় ধরনের লাভের আশা করা হয়েছিল। তবে বাস্তবে প্রত্যাশামতো বুকিং না হওয়ায় এখন উদ্বেগে রয়েছেন দেশটির হোটেল মালিকরা।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বকাপ আয়োজনকারী শহরগুলোর বেশিরভাগ হোটেলে বুকিংয়ের হার পূর্বাভাসের তুলনায় অনেক কম। আটলান্টা, ডালাস, হিউস্টন, নিউইয়র্ক, মিয়ামি, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরের হোটেল মালিকরা জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যটকদের প্রত্যাশিত সাড়া এখনো পাওয়া যায়নি।
হোটেল ব্যবসায়ীরা বলছেন, কয়েকটি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে ভিসা জটিলতা, ভ্রমণ ব্যয় বৃদ্ধি এবং ফিফার আগাম বুকিং বাতিল করা। শুরুতে বিপুলসংখ্যক কক্ষ বুক করা হলেও পরে অনেক বুকিং বাতিল হওয়ায় এখন অসংখ্য কক্ষ খালি পড়ে আছে।
জরিপে অংশ নেওয়া প্রায় ৮০ শতাংশ হোটেল মালিক জানিয়েছেন, বর্তমান বুকিং হার তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম। বিশেষ করে কানসাস সিটিতে পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে জানা গেছে। সেখানে অনেক হোটেলের বুকিং সাধারণ সময়ের জুন-জুলাই মাসের চেয়েও নিচে নেমে গেছে।
হিউস্টনের একটি বুটিক হোটেলের মালিক জানান, গত বছর এই সময়ে তাদের হোটেলের প্রায় ৭০ শতাংশ কক্ষ পূর্ণ ছিল। কিন্তু এবার তা নেমে এসেছে ৪৫ শতাংশে। বিশ্বকাপ ঘিরে যে বিশাল পর্যটক ঢলের আশা করা হয়েছিল, বাস্তবে এখনো তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপকে কেন্দ্র করে পর্যটন শিল্পে এখনো সম্ভাবনা থাকলেও প্রত্যাশা ও বাস্তবতার বড় পার্থক্য হোটেল খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে।