তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স ২০২৬’। এবারের আয়োজনের মূল আলোচনায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। আর এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। প্রদর্শনীতে এনভিডিয়া তাদের নতুন ‘আরটিএক্স স্পার্ক’ চিপ উন্মোচন করেছে। এই চিপ বিশেষভাবে তৈরি করা হয়েছে […]
ছবি: সংগৃহীত
তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স ২০২৬’। এবারের আয়োজনের মূল আলোচনায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। আর এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং।
প্রদর্শনীতে এনভিডিয়া তাদের নতুন ‘আরটিএক্স স্পার্ক’ চিপ উন্মোচন করেছে। এই চিপ বিশেষভাবে তৈরি করা হয়েছে ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ ও ডেস্কটপে সরাসরি এআই সক্ষমতা চালানোর জন্য। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের শেষার্ধ থেকে ডেল, এইচপি, লেনোভো, আসুস এবং এমএসআইয়ের বিভিন্ন ডিভাইসে নতুন এই প্রযুক্তি যুক্ত করা হবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন প্রজন্মের এই চিপ ব্যবহারকারীদের ক্লাউডনির্ভর সেবার বাইরে গিয়ে নিজস্ব ডিভাইসেই উন্নত এআই ফিচার ব্যবহারের সুযোগ দেবে। ফলে দ্রুতগতির এআই প্রসেসিং, উন্নত গ্রাফিক্স এবং স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
গত সপ্তাহে জেনসেন হুয়াং ঘোষণা দেন, এনভিডিয়া আগামী বছরগুলোতে তাইওয়ানে প্রায় ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তিনি বলেন, “তাইওয়ান এখন এআই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।” তার মতে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিপ, আধুনিক প্যাকেজিং প্রযুক্তি এবং এআই সুপারকম্পিউটার উৎপাদনের বড় অংশ এখন তাইওয়ানকে ঘিরেই গড়ে উঠছে।
এবারের কম্পিউটেক্সে এএমডি, ইন্টেল, কোয়ালকম, আর্ম এবং মারভেলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অংশ নিয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৫০০ প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে, যা কম্পিউটেক্সের ইতিহাসে অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক প্রযুক্তি শিল্পে এআইনির্ভর উদ্ভাবনের প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। সেই প্রেক্ষাপটে কম্পিউটেক্স ২০২৬ শুধু নতুন পণ্য উন্মোচনের মঞ্চ নয়, বরং ভবিষ্যৎ প্রযুক্তি শিল্পের দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।