সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৩৪ অপরাহ্ন, ২০ মে ২০২৬

মন্ত্রিসভা বড় হচ্ছে, জায়গা পেতে পারেন শরিক দলের নেতারাও

সরকারের ভেতরে মন্ত্রিসভা সম্প্রসারণ ও বড় ধরনের রদবদল নিয়ে জোর আলোচনা চলছে। বর্তমানে থাকা ৫০ সদস্যের মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন নতুন মুখ যুক্ত হতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র বলছে, নতুন সম্প্রসারণের পর মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৬০ ছাড়িয়ে যেতে পারে। দলীয় সূত্রগুলোর দাবি, কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাজের ধীরগতি এবং সমন্বয়হীনতা […]

মন্ত্রিসভা বড় হচ্ছে, জায়গা পেতে পারেন শরিক দলের নেতারাও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

সরকারের ভেতরে মন্ত্রিসভা সম্প্রসারণ ও বড় ধরনের রদবদল নিয়ে জোর আলোচনা চলছে। বর্তমানে থাকা ৫০ সদস্যের মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন নতুন মুখ যুক্ত হতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র বলছে, নতুন সম্প্রসারণের পর মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৬০ ছাড়িয়ে যেতে পারে।

দলীয় সূত্রগুলোর দাবি, কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাজের ধীরগতি এবং সমন্বয়হীনতা প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এ কারণে প্রবীণ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নতুন করে মন্ত্রিসভা সাজানোর আলোচনা চলছে। সম্ভাব্য এ রদবদলে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী এমনকি উপমন্ত্রীও থাকতে পারেন। পাশাপাশি শরিক দলগুলোর কয়েকজন নেতাকেও সরকারে জায়গা দেওয়া হতে পারে। টেকনোক্র্যাট কোটায়ও একজনকে অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে বলে জানা গেছে।

সরকারের একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে গতি আনতেই মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জনগণের সেবার মান বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। যদিও কবে নাগাদ এই সম্প্রসারণ হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী মন্ত্রিসভার আকার বাড়তে পারে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, মন্ত্রিসভা গঠন ও রদবদলের সম্পূর্ণ এখতিয়ার প্রধানমন্ত্রীর। তিনি যখন প্রয়োজন মনে করবেন, তখনই নতুন কাউকে দায়িত্ব দেবেন বা পরিবর্তন আনবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, নতুন কয়েকজনের নাম নিয়ে ইতোমধ্যে ফাইল প্রস্তুতের কাজ চলছে। তার ভাষায়, বর্তমান মন্ত্রিসভার কিছু সদস্যের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। সে কারণেই অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের যুক্ত করে সরকারের কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কারও কারও ক্ষেত্রে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবেও দায়িত্ব দেওয়ার চিন্তা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত মার্চে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এবং কয়েকজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাসের মধ্য দিয়েই মূলত মন্ত্রিসভা পুনর্গঠনের ইঙ্গিত মিলেছিল। এখন সেটিই বড় পরিসরে বাস্তবায়নের পথে এগোচ্ছে।

বর্তমান সরকারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ওপর থাকায় কাজের চাপ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ, পরিকল্পনা, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, বাণিজ্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান। দলীয় নেতাদের অনেকে মনে করছেন, প্রবীণ নেতাদের অভিজ্ঞতা সরকারের কাজে গতি আনতে সহায়ক হবে।

এ ছাড়া সম্ভাব্য নতুন সদস্যদের তালিকায় বিএনপির কয়েকজন সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতার নামও আলোচনায় রয়েছে। এর মধ্যে বরকত উল্লাহ বুলু, নজরুল ইসলাম আজাদ, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, অধ্যাপক ডা. আনোয়ারুল হক, আলী আজগর লবি, সেলিমুজ্জামান সেলিম ও শহীদুল ইসলাম বাবুলের নাম ঘুরে ফিরছে রাজনৈতিক অঙ্গনে।

যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকেও মূল্যায়নের কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে কয়েকটি শরিক দলের নেতারা সরকারে জায়গা পেলেও আরও কয়েকজনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হতে পারে। আলোচনায় রয়েছেন শাহাদাত হোসেন সেলিম, আন্দালিভ রহমান পার্থ, সাইফুল হক ও ড. রেদোয়ান আহমেদের নামও।

এদিকে টেকনোক্র্যাট কোটায়ও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সবচেয়ে এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ডা. মওদুদ আহমেদ পাভেলের নামও ঘুরে ফিরছে আলোচনায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরকার প্রশাসনিক সক্ষমতা বাড়ানো এবং রাজনৈতিক সমীকরণ মজবুত করতেই মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে। এখন শুধু অপেক্ষা—কবে আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং কারা শেষ পর্যন্ত জায়গা পান নতুন মন্ত্রিসভায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ