সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৭ অপরাহ্ন, ৬ জুন ২০২৬

মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের গোয়েন্দা নজরদারির আশঙ্কা, পেন্টাগনে উদ্বেগ

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান নীতিগত মতপার্থক্যের প্রেক্ষাপটে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে ওয়াশিংটনে। মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলের একাংশ আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারাই ইসরায়েলি নজরদারির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। শনিবার (৬ জুন) প্রকাশিত এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) সম্প্রতি ইসরায়েলের কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির […]

মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের গোয়েন্দা নজরদারির আশঙ্কা, পেন্টাগনে উদ্বেগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান নীতিগত মতপার্থক্যের প্রেক্ষাপটে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে ওয়াশিংটনে। মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলের একাংশ আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারাই ইসরায়েলি নজরদারির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।

শনিবার (৬ জুন) প্রকাশিত এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) সম্প্রতি ইসরায়েলের কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির মাত্রা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে উন্নীত করেছে। বর্তমান ও সাবেক একাধিক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সফরে যাওয়া মার্কিন কর্মকর্তাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। এর আওতায় অনেক কর্মকর্তা একবার ব্যবহারযোগ্য ‘বার্নার ফোন’, অস্থায়ী ল্যাপটপ এবং কঠোর যোগাযোগবিধি অনুসরণ করছেন। সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কায় হোটেল কক্ষ বা অনিরাপদ স্থানে গুরুত্বপূর্ণ আলোচনা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ডিআইএর একটি সাত পৃষ্ঠার অভ্যন্তরীণ মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহের সক্ষমতা অত্যন্ত উন্নত এবং তা মার্কিন স্বার্থের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত নীতিনির্ধারণী আলোচনার তথ্য সংগ্রহে ইসরায়েল সক্রিয় আগ্রহ দেখাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর প্রতিরক্ষা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং বলেন, “ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় ও আগ্রাসী। যুক্তরাষ্ট্র কী করছে এবং কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সে বিষয়ে তাদের গভীর আগ্রহ রয়েছে।”

তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইসরায়েল। ওয়াশিংটনে নিযুক্ত দেশটির দূতাবাসের এক মুখপাত্র বলেন, “এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইসরায়েল কখনও মার্কিন কর্মকর্তা বা মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালায় না। আমাদের গোয়েন্দা কার্যক্রম শত্রুদের বিরুদ্ধে পরিচালিত হয়, মিত্রদের বিরুদ্ধে নয়।”

হোয়াইট হাউসের এক কর্মকর্তাও এনবিসি নিউজের প্রতিবেদনের তথ্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন।

এই বিতর্ক এমন এক সময়ে সামনে এলো, যখন ইরানকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশিত হচ্ছে। ট্রাম্প যেখানে ইরানের সঙ্গে একটি নতুন সমঝোতা চুক্তির সম্ভাবনা খুঁজছেন, সেখানে নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের পক্ষে অবস্থান নিয়েছেন।

গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে, মিত্র দেশগুলোর মধ্যে সীমিত তথ্য সংগ্রহ বা নজরদারি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অস্বাভাবিক নয়। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন, ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা স্বাভাবিক কূটনৈতিক সীমার বাইরে চলে যেতে পারে।

ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ভেতরে দেখা দেওয়া এই অবিশ্বাস ভবিষ্যতে দুই ঘনিষ্ঠ মিত্রের কৌশলগত সমন্বয়ের ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: এনবিসি নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ