সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৭:৫৪ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার এক-দুই দিন আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হয়। সে অনুযায়ী আগামী ১৪ মার্চের মধ্যেই সংসদ বসাতে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি […]

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার এক-দুই দিন আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হয়। সে অনুযায়ী আগামী ১৪ মার্চের মধ্যেই সংসদ বসাতে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে।

এই অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হবে নতুন স্পিকার নির্বাচন। সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির পক্ষ থেকে স্পিকার পদের জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম রাজনৈতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। সংসদ সদস্যদের গোপন ব্যালট বা ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাধারণ নিয়ম অনুযায়ী, বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। গণঅভ্যুত্থানের পর দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। ফলে সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত কোনো জ্যেষ্ঠ সংসদ সদস্য অধিবেশনে সভাপতিত্ব করবেন। ১৯৭৩ সালের নজির অনুসরণ করে সরকারি ও বিরোধী দলের সমঝোতায় একজন অভিজ্ঞ সংসদ সদস্যকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।

জুলাই গণঅভ্যুত্থানের পর প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ এবং বিএনপির নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী এবার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সংসদে বিরোধী দলীয় নেতার মর্যাদা পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হিসেবে সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং চিফ হুইপ হিসেবে মো. নাহিদ ইসলাম নির্বাচিত হয়েছেন।

সংসদ নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদের জন্য চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর অনুমোদন এবং শোক প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা রয়েছে।

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। তাদের মিত্ররা পেয়েছে ৩টি আসন। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে এবং তাদের জোটসঙ্গীদের নিয়ে মোট ৭৭টি আসনে বিজয় লাভ করেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।

আগামী সপ্তাহে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে এই অধিবেশন আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশে সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ