যুক্তরাজ্যে সংঘবদ্ধ শিশু যৌন নিপীড়ন ও গ্রুমিং চক্রের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইংল্যান্ড ও ওয়েলসের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) আটজনের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ অনুমোদন […]
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে সংঘবদ্ধ শিশু যৌন নিপীড়ন ও গ্রুমিং চক্রের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইংল্যান্ড ও ওয়েলসের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) আটজনের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ অনুমোদন করেছে। এর মধ্যে ১৭টি অভিযোগই ধর্ষণসংক্রান্ত।
‘অপারেশন ওক’ নামে পরিচালিত দীর্ঘমেয়াদি তদন্তের অংশ হিসেবে একাধিক নারীর অভিযোগের ভিত্তিতে মামলাগুলো করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীরা শিশু ও কিশোরী বয়সে এই সংঘবদ্ধ চক্রের হাতে নির্যাতনের শিকার হন। তদন্তে উঠে এসেছে, অপরাধগুলোর সময়কাল ছিল ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে। মামলাগুলোর তদন্ত করছে গোয়েন্ট পুলিশ।
ল্যাঙ্কাশায়ারভিত্তিক সংবাদমাধ্যম ল্যাঙ্কসলাইভ জানিয়েছে, গত ১৪ জুলাই ল্যাঙ্কাশায়ার, নিউপোর্ট, সোয়ানসি, লন্ডন, বার্মিংহাম, এডিনবরা এবং স্কটল্যান্ডের আর্গিল ও বুট এলাকায় একযোগে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় এবং আগামী ২৪ জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্ট পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের সবাই ব্রিটিশ নাগরিক এবং তাদের বয়স ৫৪ থেকে ৭৩ বছরের মধ্যে।
বাংলাদেশি বংশোদ্ভূত অভিযুক্তরা হলেন ৫৪ বছর বয়সী মোহাম্মদ শেখ আব্দুল হান্নান, ৭৩ বছর বয়সী শেখ মোহাম্মদ তাহির উল্লাহ এবং ৫৮ বছর বয়সী আমিনুর রহমান চৌধুরী।
মোহাম্মদ শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ১৬ বছর বা তার বেশি বয়সী এক নারীকে দুইবার ধর্ষণ, যৌন নিপীড়ন, তিনবার ধর্ষণে সহায়তা ও উসকানি এবং দুইবার ধর্ষণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
শেখ মোহাম্মদ তাহির উল্লাহর বিরুদ্ধে এক নারী ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। অন্যদিকে আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
অন্য পাঁচ অভিযুক্ত হলেন শাকিল বাবর, শফাক আহমেদ, আশান তাকভি, মুরাদ আলী এবং কেভিন লরেন্স। কেভিন লরেন্স ছাড়া বাকি চারজন পাকিস্তানি বংশোদ্ভূত।
শাকিল বাবরের বিরুদ্ধে এক কিশোরীকে চারবার যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। শফাক আহমেদের বিরুদ্ধে এক নারী ও এক কিশোরীকে সাতবার ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং যৌন পেশায় বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। আশান তাকভির বিরুদ্ধে এক কিশোরীকে তিনবার ধর্ষণের অভিযোগ রয়েছে। মুরাদ আলীর বিরুদ্ধে একই কিশোরীকে দুইবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। কেভিন লরেন্সের বিরুদ্ধে ধর্ষণের ষড়যন্ত্র এবং যৌন পেশায় বাধ্য করার অভিযোগ রয়েছে।
যুক্তরাজ্যে শিশুদের লক্ষ্য করে পরিচালিত তথাকথিত ‘গ্রুমিং গ্যাং’ নিয়ে অতীতেও ব্যাপক বিতর্ক হয়েছে। ব্রিটিশ সংসদেও বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সরকারি তথ্যের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে এ ধরনের চক্রের মাধ্যমে আড়াই লাখেরও বেশি শিশু ও তরুণী যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গোয়েন্ট পুলিশের ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু টুর্ক বলেন, অপারেশন ওক দক্ষিণ ওয়েলসে সংঘবদ্ধ শিশু যৌন নিপীড়নের বিরুদ্ধে পরিচালিত অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদি একটি তদন্ত। তিনি বলেন, সিপিএসের সহযোগিতায় তদন্তটি এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, এ ধরনের তদন্ত জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তবে তদন্তের স্বার্থে এবং আদালতের কার্যক্রম যেন কোনোভাবে প্রভাবিত না হয়, সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: আল-জাজিরা