যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার এবং দেশছাড়া করার ক্ষমতা নিয়ে তৈরি টেক্সাসের বিতর্কিত একটি আইন কার্যকরের পথে আরও একধাপ এগিয়ে গেল। দেশটির একটি ফেডারেল আপিল আদালত আইনের ওপর থাকা আগের স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে। শুক্রবার নিউ অরলিন্সভিত্তিক ফিফথ ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের বেঞ্চের মধ্যে দুজনের সমর্থনে দেওয়া রায়ে এই […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার এবং দেশছাড়া করার ক্ষমতা নিয়ে তৈরি টেক্সাসের বিতর্কিত একটি আইন কার্যকরের পথে আরও একধাপ এগিয়ে গেল। দেশটির একটি ফেডারেল আপিল আদালত আইনের ওপর থাকা আগের স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে।
শুক্রবার নিউ অরলিন্সভিত্তিক ফিফথ ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের বেঞ্চের মধ্যে দুজনের সমর্থনে দেওয়া রায়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর ফলে টেক্সাসের অভিবাসনসংক্রান্ত ওই আইন আপাতত কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে।
এর আগে ১৪ মে অস্টিনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ ডেভিড এজরা নাগরিক অধিকারকর্মীদের করা একটি যৌথ মামলার ভিত্তিতে আইনটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তাঁর মতে, টেক্সাসের এই আইন অভিবাসন, নাগরিকত্ব ও দেশত্যাগের বিষয়ে ফেডারেল সরকারের দীর্ঘদিনের একক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে, যা সাংবিধানিক সীমারেখা অতিক্রম করে।
কিন্তু টেক্সাসের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দ্রুত আপিল করেন। সেই আপিলের পরই ফেডারেল আপিল আদালত আগের স্থগিতাদেশ বাতিল করে আইনটি কার্যকরের পক্ষে রায় দেয়।
নাগরিক অধিকারকর্মীদের মামলাটি টেক্সাসের বিতর্কিত ‘এসবি ৪’ নামের ২০২৩ সালের আইনের কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করে। এই আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো—কোনো ব্যক্তি একবার দেশছাড়া হওয়ার পর আবার যদি অনুমতি ছাড়া বা এমনকি ফেডারেল কাগজপত্র নিয়েও প্রবেশ করেন, তাহলে টেক্সাসে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।
আইনটিতে আরও বলা হয়েছে, টেক্সাসের স্থানীয় ম্যাজিস্ট্রেট বিচারকরাও অভিবাসীদের দেশত্যাগের আদেশ দিতে পারবেন। সমালোচকদের মতে, এ ব্যবস্থা সরাসরি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে হস্তক্ষেপের শামিল।
আদালতের রায়ের পর মামলার বাদীপক্ষ আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, এর টেক্সাস শাখা এবং টেক্সাস সিভিল রাইটস প্রজেক্ট যৌথ বিবৃতিতে হতাশা প্রকাশ করেছে। তারা বলেছে, এই “ঘৃণ্য এবং স্পষ্টতই অবৈধ” আইনের বিরুদ্ধে তাদের আইনি লড়াই চলবে।
অন্যদিকে কেন প্যাক্সটনের দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, জো বাইডেন প্রশাসনের আমলে এই আইনটি নিয়ে প্রথম মামলা হয়। পরে আপিল আদালত আগের একটি নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাইডেনের আনা সেই মামলা প্রত্যাহার করে নেয়। তবে অভিবাসী অধিকারকর্মী সংগঠনগুলো আইনি লড়াই চালিয়ে যায়।
তখন ফিফথ সার্কিট কোর্ট ১০-৭ ভোটে রায় দেয় যে, ওই সংগঠনগুলোর মামলা করার আইনি ভিত্তি নেই। এরপরই এ সি এল ইউর সহায়তায় সম্ভাব্য ক্ষতিগ্রস্ত অ-নাগরিকদের পক্ষে নতুন মামলা দায়ের করা হয়।
সূত্র: রয়টার্স