যুক্তরাষ্ট্রজুড়ে রেকর্ড মাত্রার খরা চললেও থেমে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত বিস্তার। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, দেশটিতে পরিকল্পিত নতুন এআই তথ্যকেন্দ্র বা ডাটা সেন্টারের বড় অংশই নির্মিত হচ্ছে তীব্র খরাকবলিত অঞ্চলে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুমোদন পাওয়া ৮০৯টি নতুন তথ্যকেন্দ্রের মধ্যে ৫১৭টি এমন এলাকায় অবস্থিত, যেখানে গত এক বছর ধরে পানির তীব্র সংকট চলছে। […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রজুড়ে রেকর্ড মাত্রার খরা চললেও থেমে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত বিস্তার। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, দেশটিতে পরিকল্পিত নতুন এআই তথ্যকেন্দ্র বা ডাটা সেন্টারের বড় অংশই নির্মিত হচ্ছে তীব্র খরাকবলিত অঞ্চলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুমোদন পাওয়া ৮০৯টি নতুন তথ্যকেন্দ্রের মধ্যে ৫১৭টি এমন এলাকায় অবস্থিত, যেখানে গত এক বছর ধরে পানির তীব্র সংকট চলছে। অর্থাৎ নতুন ডাটা সেন্টারগুলোর প্রায় দুই-তৃতীয়াংশই খরাপ্রবণ অঞ্চলে গড়ে উঠছে।
বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে তথ্যকেন্দ্রগুলোর পানির চাহিদাও উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব কেন্দ্রের হাজার হাজার সার্ভার ও কম্পিউটার সার্বক্ষণিক চালু রাখতে হয়, ফলে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়। সেই তাপ নিয়ন্ত্রণে প্রতিদিন ব্যবহার করা হয় লাখ লাখ গ্যালন পানি।
হিসাব অনুযায়ী, একটি বড় তথ্যকেন্দ্রে প্রতিদিন প্রায় ৫০ লাখ গ্যালন পানি প্রয়োজন হয়, যা প্রায় ৫০ হাজার মানুষের দৈনিক পানির চাহিদার সমান। গবেষকদের মতে, চ্যাটজিপিটি বা অনুরূপ কোনো এআই প্ল্যাটফর্মে মাত্র ১০০ শব্দের একটি বার্তা তৈরি করতেও তথ্যকেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থায় প্রায় ৫০০ মিলিলিটার পানি ব্যয় হতে পারে।
গুগল, মেটা, মাইক্রোসফট এবং আমাজনের মতো প্রযুক্তি জায়ান্টগুলো এআই অবকাঠামো সম্প্রসারণে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। সস্তা জমি, কর-সুবিধা এবং শুষ্ক আবহাওয়ার কারণে তারা মরুভূমি ও খরাপ্রবণ এলাকাগুলোকে ডাটা সেন্টার নির্মাণের জন্য অগ্রাধিকার দিচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতে, শুষ্ক পরিবেশে কম্পিউটার যন্ত্রাংশ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়।
তবে এই প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে তথ্যকেন্দ্র খাতের বার্ষিক পানির ব্যবহার ১৭ বিলিয়ন গ্যালন থেকে বেড়ে ৭৩ বিলিয়ন গ্যালনে পৌঁছাতে পারে।
এদিকে স্থানীয় কৃষক, খামারি এবং বাসিন্দাদের অভিযোগ, খরার কারণে সাধারণ মানুষকে পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হলেও তথ্যকেন্দ্রগুলোকে বিপুল পরিমাণ পানি ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে বিভিন্ন এলাকায় সামাজিক ও রাজনৈতিক বিরোধ তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে নতুন ডাটা সেন্টার নির্মাণে কঠোর পরিবেশগত শর্ত আরোপ বা নিয়ন্ত্রণমূলক আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এআই খাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে পানিসম্পদের ভারসাম্য রক্ষা আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।