সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৪:৩৭ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ডিভি লটারি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গ্রিন কার্ড লটারি কর্মসূচি—ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রাম—অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটিতে সংঘটিত এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন—এ তথ্য সামনে আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোম এক বিবৃতিতে এ […]

যুক্তরাষ্ট্রে ডিভি লটারি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গ্রিন কার্ড লটারি কর্মসূচি—ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রাম—অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটিতে সংঘটিত এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন—এ তথ্য সামনে আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোম এক বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় অভিবাসন কর্তৃপক্ষ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে (ইউএসসিআইএস) অবিলম্বে ডিভি প্রোগ্রাম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তদন্তে জানা গেছে, গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত পর্তুগিজ নাগরিক ক্লডিও নেভেস ভ্যালেন্টে ২০১৭ সালে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে গ্রিন কার্ড অর্জন করেন। গত ১৩ ডিসেম্বর তিনি ব্রাউন ইউনিভার্সিটির একটি পরীক্ষাকেন্দ্রে ঢুকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুজন নিহত এবং নয়জন আহত হন। এ ঘটনার দুই দিন পর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক অধ্যাপককে হত্যাও করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভ্যালেন্টে কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে ক্রিস্টি নোম বলেন, এমন একজন ব্যক্তিকে কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া উচিত ছিল না। মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ‘বিপর্যয়কর’ কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রতিবছর ডিভি লটারির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫৫ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হতো। তবে আকস্মিক এই সিদ্ধান্তে বিশ্বের বিভিন্ন দেশে গ্রিন কার্ড প্রত্যাশীদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ