ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা প্রায় ৪.১ বিলিয়ন ইউরোর অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং এর মূল কোম্পানি অ্যালফাবেট। ইউরোপের সর্বোচ্চ আদালত গুগলের আপিল খারিজ করে দেওয়ায় বহাল থাকছে এই বিশাল অঙ্কের জরিমানা। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত এক রায়ে জানায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের প্রভাবশালী অবস্থান ব্যবহার […]
ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা প্রায় ৪.১ বিলিয়ন ইউরোর অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং এর মূল কোম্পানি অ্যালফাবেট। ইউরোপের সর্বোচ্চ আদালত গুগলের আপিল খারিজ করে দেওয়ায় বহাল থাকছে এই বিশাল অঙ্কের জরিমানা।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত এক রায়ে জানায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের প্রভাবশালী অবস্থান ব্যবহার করে গুগল প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম পরিচালনা করেছে এবং নিজেদের সার্চ ইঞ্জিন ও অন্যান্য সেবাকে অযৌক্তিক সুবিধা দিয়েছে। আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখে গুগল ও অ্যালফাবেটের আপিল বাতিল করে দেয়।
এই মামলার সূচনা হয় ২০১৮ সালে, যখন ইউরোপীয় কমিশন অভিযোগ তোলে যে, অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে বিভিন্ন প্রি-ইনস্টলেশন চুক্তি ও লাইসেন্সিং শর্তের মাধ্যমে গুগল তাদের ডিভাইসে বাধ্যতামূলকভাবে গুগল সার্চ, ক্রোম ব্রাউজার এবং অন্যান্য গুগল সেবা ব্যবহারে উৎসাহিত করেছে। এর ফলে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো বাজারে সমান সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করা হয়।
প্রথমদিকে ইউরোপীয় কমিশন গুগলের ওপর ৪.৩৪ বিলিয়ন ইউরো জরিমানা আরোপ করে। পরে ২০২২ সালে নিম্ন আদালত কমিশনের একটি অংশবিশেষ সিদ্ধান্ত বাতিল করলেও মূল অভিযোগ বহাল রাখে এবং জরিমানার পরিমাণ কমিয়ে ৪.১২৫ বিলিয়ন ইউরো নির্ধারণ করে। সর্বশেষ রায়ে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত সেই সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল রেখেছে।
আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগলের প্রি-ইনস্টলেশন শর্ত এবং তথাকথিত অ্যান্টি-ফ্র্যাগমেন্টেশন চুক্তিগুলো বাজারে প্রতিযোগিতা সীমিত করেছে এবং নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রবেশে বাধা সৃষ্টি করেছে। বিচারকদের মতে, এসব ব্যবস্থা গুগলের বাজার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে।
গুগলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অ্যান্ড্রয়েড একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম এবং এটি ব্যবহারকারীদের আরও বেশি পছন্দের সুযোগ দিয়েছে। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি। আদালতের মতে, মোবাইল ফোনে আগে থেকেই ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো স্বাভাবিকভাবেই ব্যবহারকারীদের কাছে বাড়তি সুবিধা পায় এবং বাজারে প্রতিযোগীদের জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে।
এই রায়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি খাতে প্রতিযোগিতা নিশ্চিত করার প্রচেষ্টা আরও শক্তিশালী হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এটি বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে যে, বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করলে কঠোর আইনি ও আর্থিক পরিণতির মুখোমুখি হতে হতে পারে।