যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিপজ্জনক মাংসখেকো পরজীবী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ শনাক্ত হওয়ার পর জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টেক্সাসে দুর্যোগ ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। একইসঙ্গে টেক্সাস থেকে গবাদিপশু আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। শুক্রবার (৫ জুন) কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সি (সিএফআইএ) এক বিবৃতিতে জানায়, গত ২১ দিনের মধ্যে টেক্সাসে অবস্থান করা […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিপজ্জনক মাংসখেকো পরজীবী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ শনাক্ত হওয়ার পর জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টেক্সাসে দুর্যোগ ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। একইসঙ্গে টেক্সাস থেকে গবাদিপশু আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।
শুক্রবার (৫ জুন) কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সি (সিএফআইএ) এক বিবৃতিতে জানায়, গত ২১ দিনের মধ্যে টেক্সাসে অবস্থান করা গরু ও ঘোড়া আপাতত কানাডায় প্রবেশ করতে পারবে না। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) নিশ্চিত করেছে যে টেক্সাসে দ্বিতীয় একটি বাছুরের শরীরে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ শনাক্ত হয়েছে। এর আগে একই ধরনের সংক্রমণ পাওয়া গিয়েছিল আরেকটি বাছুরের মধ্যে। পরপর দুটি ঘটনার পর পরিস্থিতিকে কৃষি ও প্রাণিসম্পদ খাতের জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দুর্যোগ ঘোষণা করে গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, “গ্রীষ্মকালজুড়ে এই সংক্রমণ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের গবাদিপশু শিল্প এবং কৃষি অর্থনীতির সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”
নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম এক ধরনের পরজীবী মাছি, যার লার্ভা জীবন্ত প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। স্ত্রী মাছি সাধারণত পশু বা মানুষের খোলা ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া লার্ভাগুলো ক্ষতস্থানের ভেতর প্রবেশ করে জীবন্ত টিস্যু খেতে শুরু করে। দ্রুত চিকিৎসা না করা হলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ বছরের মধ্যে এই প্রথম টেক্সাসে স্ক্রুওয়ার্ম শনাক্ত হয়েছে। গত সপ্তাহে মেক্সিকো সীমান্তের কাছাকাছি লা প্রাইর এলাকায় তিন সপ্তাহ বয়সী একটি বাছুরের নাভিতে এই পরজীবীর লার্ভা পাওয়া যায়।
এর মাত্র কয়েকদিন পর জাভালা কাউন্টিতে এক মাস বয়সী আরেকটি বাছুরের শরীরে একই সংক্রমণ ধরা পড়ে। দ্বিতীয় ঘটনাস্থলটি প্রথম আক্রান্ত এলাকার মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত।
দুটি ঘটনাই একই নিয়ন্ত্রণ অঞ্চলের মধ্যে হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় কোয়ারেন্টিন জারি করা হয়েছে। পাশাপাশি পশু পরিবহন সীমিত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিবিড় নজরদারি কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের ধারণা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এই পরজীবী। টেক্সাস যুক্তরাষ্ট্রের বৃহত্তম গবাদিপশু উৎপাদনকারী রাজ্য হওয়ায় সংক্রমণটি কৃষি অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির তুলনামূলক শীতল আবহাওয়ার কারণে এই পরজীবীর ব্যাপক বিস্তার ঘটার সম্ভাবনা কম। তবুও খামারিদের পশুর ক্ষতস্থান, পুঁজ বা অস্বাভাবিক দুর্গন্ধযুক্ত সংক্রমণ নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। টেক্সাস থেকে ফিরে আসা পোষা প্রাণীদেরও স্বাস্থ্য পরীক্ষা করাতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে গবাদিপশুর বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ গরু আমদানি করেছে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রে স্ক্রুওয়ার্ম নির্মূল হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা মাঝে মাঝে দেখা গেছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ জিনগতভাবে পরিবর্তিত শত শত কোটি বন্ধ্যা মাছি অবমুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার কুকুর ব্যবহার করে আক্রান্ত পশু শনাক্তের উদ্যোগও নেওয়া হয়েছে।
তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এসব পদক্ষেপ সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে যথেষ্ট হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: সিবিসি নিউজ