পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। নতুন এই সিদ্ধান্তের ফলে পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের সরাসরি প্রবেশ আর আগের মতো উন্মুক্ত থাকছে না। বিষয়টিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহের ওপর চাপ হিসেবে দেখছে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেজ এক বিবৃতিতে জানান, প্রতিরক্ষা দপ্তরের প্রেস অফিসকে এখন […]
ছবি: সংগৃহীত
পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। নতুন এই সিদ্ধান্তের ফলে পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের সরাসরি প্রবেশ আর আগের মতো উন্মুক্ত থাকছে না। বিষয়টিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহের ওপর চাপ হিসেবে দেখছে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেজ এক বিবৃতিতে জানান, প্রতিরক্ষা দপ্তরের প্রেস অফিসকে এখন থেকে “সংবেদনশীল শ্রেণিবদ্ধ তথ্যকেন্দ্র” হিসেবে বিবেচনা করা হবে। তার ভাষ্য অনুযায়ী, প্রেস ও যোগাযোগ বিভাগে কর্মরত কর্মকর্তারা নিয়মিত গোপন ও সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই নতুন এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিরক্ষাসচিবের জনসংযোগবিষয়ক সহকারী এবং প্রেস সচিবের কার্যালয়ে প্রবেশ করতে হলে সাংবাদিকদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একইসঙ্গে পেন্টাগনের বিভিন্ন প্রেস জোন ও সংবাদসংক্রান্ত এলাকায় সাংবাদিকদের চলাচলেও অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার ধীরে ধীরে সীমিত করা হচ্ছে। এর আগে গত মার্চে প্রতিরক্ষা বিভাগ ঘোষণা দিয়েছিল, কোনো সংবাদমাধ্যমকে আর পেন্টাগনের ভেতরে স্থায়ী অফিস রাখার অনুমতি দেওয়া হবে না।
এছাড়া পেন্টাগন কমপ্লেক্সে সাংবাদিকদের চলাচলের ক্ষেত্রে বাধ্যতামূলক নিরাপত্তা প্রহরী ব্যবহারের নিয়মও চালু করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে আইনি চ্যালেঞ্জ দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম সাংবাদিক সংগঠন ন্যাশনাল প্রেস ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি মার্ক শোয়েফ জুনিয়র বলেন, সামরিকবিষয়ক তথ্যের স্বাধীন প্রবাহ গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, সাংবাদিকদের প্রবেশাধিকার সংকুচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহি—দুটিই ক্ষতিগ্রস্ত হয়।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনও নতুন এই পদক্ষেপের সমালোচনা করেছে। সংস্থাটির অ্যাডভোকেসি প্রধান সেথ স্টার্ন বলেন, পেন্টাগনের প্রেস অফিস থেকে অতীতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। তাই এটিকে “গোপনীয় তথ্যকেন্দ্র” হিসেবে চিহ্নিত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে।
তার দাবি, বর্তমান প্রশাসনের সময়ে প্রতিরক্ষা দপ্তর থেকে প্রকাশিত তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েই জনমনে সন্দেহ তৈরি হয়েছে। ফলে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তার যুক্তিতে সরকারি তথ্যপ্রবাহে নিয়ন্ত্রণ বাড়ানো হলেও এর ফলে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সরকারি স্বচ্ছতা নিয়ে নতুন আলোচনা শুরু হতে পারে।