যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কিউবার জনগণ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস-কানেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া হুমকির জবাবে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পরে শুক্রবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করে […]
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কিউবার জনগণ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস-কানেল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া হুমকির জবাবে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পরে শুক্রবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেছিলেন, কিউবা তাদের পথেই আসছে। ওই বক্তব্যের কঠোর সমালোচনা করে দিয়াস-কানেল ওয়াশিংটনের বিরুদ্ধে গণমাধ্যমনির্ভর বিষাক্ত প্রচারণা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর অভিযোগ তোলেন। তাঁর মতে, এ ধরনের বক্তব্য কিউবার জনগণের মর্যাদার ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
কিউবার প্রেসিডেন্ট বলেন, তাঁর সরকার সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের আশঙ্কাকে কোনোভাবেই উড়িয়ে দিচ্ছে না। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘যদি কোনো আক্রমণ হয়, তবে কিউবার জনগণ ঐক্য ও দৃঢ়তার সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় জবাব দেবে। আমরা যুদ্ধ চাই না, তবে একে ভয়ও পাই না।’
দিয়াস-কানেল কিউবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা স্মরণ করে উনবিংশ শতাব্দীর সামরিক নেতা আন্তোনিও ম্যাসিওর একটি বিখ্যাত বক্তব্যেরও প্রসঙ্গ টানেন। তিনি বলেন, কিউবা দখল করতে এলে আক্রমণকারীরা কেবল রক্তে ভেজা মাটির ধুলোই পাবে—এটি কেবল স্লোগান নয়, বরং কিউবান জনগণের গভীর বিশ্বাস।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার মার্কিন সামরিক অভিযানে নিহত কিউবান কর্মীদের কথাও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, সেই বীরত্বপূর্ণ লড়াইয়ে ৩২ জন কিউবান নাগরিক প্রাণ হারিয়েছিলেন। প্রয়োজন হলে কিউবার মাটিতে এই আত্মত্যাগের সংখ্যা আরও বহুগুণে পৌঁছাতে পারে বলেও তিনি সতর্ক করেন।
মার্কিন অর্থনৈতিক অবরোধ, বিশেষ করে গত জানুয়ারি মাসে আরোপ করা নতুন জ্বালানি নিষেধাজ্ঞা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কিউবার প্রেসিডেন্ট। তিনি কিউবার মাটিতে চীন বা রাশিয়ার সামরিক ঘাঁটি থাকার মার্কিন অভিযোগ নাকচ করে দেন এবং বলেন, কিউবায় কোনো চীনা ঘাঁটি নেই।
দিয়াস-কানেল দশকের পর দশক ধরে চলা মার্কিন অবরোধকে মানব ইতিহাসের দীর্ঘতম অবরোধ হিসেবে বর্ণনা করেন। তাঁর দাবি, এই অবরোধের কারণেই কিউবায় বিদ্যুৎ বিপর্যয়, ওষুধের ঘাটতি এবং তীব্র অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। তিনি মার্কিন জ্বালানি নিষেধাজ্ঞাকে অপরাধের সঙ্গে তুলনা করে এটিকে এক ধরনের জাতিগত নিধনযজ্ঞ বলেও মন্তব্য করেন।
কিউবায় রাজনৈতিক বন্দি রাখা এবং বিরোধী মত দমনের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন। তাঁর দাবি, কিউবায় কোনো রাজনৈতিক বন্দি নেই; যারা কারাগারে আছেন, তারা দেশের দণ্ডবিধি অনুযায়ী সাধারণ অপরাধে দণ্ডিত হয়েছেন।
এত চাপ ও উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালানোর দরজা বন্ধ নয় বলেও জানান কিউবার প্রেসিডেন্ট। তবে তাঁর শর্ত, সেই আলোচনা হতে হবে সম্পূর্ণ পূর্বশর্তহীন এবং কিউবার সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।
তিনি বলেন, সব কষ্ট ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও কিউবার ভবিষ্যৎ কেবল সমৃদ্ধি ও বিজয়ের দিকেই এগিয়ে যাবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।