যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি টিকবে কি না, সেই অনিশ্চয়তা আবারও আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কিছুটা কমলেও বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাজারে আবারও তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ১০ ডলারে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি টিকবে কি না, সেই অনিশ্চয়তা আবারও আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কিছুটা কমলেও বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাজারে আবারও তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ১০ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দরও ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮ ডলারে পৌঁছেছে। এর আগে যুদ্ধবিরতির খবরে বুধবার ব্রেন্ট তেলের দাম ১৩ দশমিক ২৯ শতাংশ কমে চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৯৪ দশমিক ৭৫ ডলারে নেমে এসেছিল।
তেলের পাশাপাশি গ্যাসের বাজারেও নতুন করে চাপ তৈরি হয়েছে। বুধবার যুদ্ধবিরতির ঘোষণায় যেখানে গ্যাসের দাম ১৫ শতাংশ কমে গিয়েছিল, সেখানে বৃহস্পতিবার যুক্তরাজ্যের পরবর্তী মাসের গ্যাসচুক্তির দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১১৭ দশমিক ৫০ পেন্সে দাঁড়ায়। ইউরোপের প্রাকৃতিক গ্যাসের ফিউচার দামও প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৪৬ ইউরোর দিকে এগোচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত পুরোপুরি প্রশমিত না হওয়ায় বাজারে এই দোলাচল তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ হওয়ায় সেখানে যেকোনো উত্তেজনাই বিশ্ববাজারে দ্রুত প্রভাব ফেলে।
জ্বালানি বাজারের এই অনিশ্চয়তা শেয়ারবাজারেও চাপ ফেলেছে। বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ইউরোপের বড় সূচকগুলোতে পতন দেখা গেছে। লন্ডনের এফ টি এস ই ১০০ সূচক শূন্য দশমিক ৩ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ এবং জার্মানির ড্যাক্স সূচক ১ দশমিক ৩ শতাংশ কমেছে।
এশিয়ার বাজারেও একই চিত্র দেখা গেছে। টোকিওর নিক্কেই ২২৫ সূচক শূন্য দশমিক ৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি ১ দশমিক ৬ শতাংশ কমেছে। ভারতের সেনসেক্স সূচকেও ১ দশমিক ৬ শতাংশ পতন হয়েছে।
বিনিয়োগকারীদের বড় উদ্বেগের জায়গা হলো যুদ্ধবিরতির ভবিষ্যৎ। লেবাননে ইসরায়েলের তীব্র হামলা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া মন্তব্য এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করেছে।
ইরানি কর্মকর্তাদের মতে, দুই সপ্তাহের এই সাময়িক সমঝোতার অন্যতম শর্ত ছিল পুরো অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ রাখা। এতে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু লেবাননে হামলা অব্যাহত থাকা এবং আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার খবরের পর তেহরানের অবস্থান আরও কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় ইরান আলোচনার টেবিল থেকে সরে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে প্রকৃত সমঝোতা পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মার্কিন নৌবাহিনী, যুদ্ধবিমান ও গোলাবারুদসহ সামরিক উপস্থিতি বজায় থাকবে। ইরান যদি কোনো কারণে চুক্তি ভঙ্গ করে, তাহলে আরও বড় ও বিধ্বংসী হামলা শুরু হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এসব নাটকীয়তা ও পাল্টাপাল্টি হুমকির মধ্যেই ইরানের একটি প্রতিনিধি দলের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর খবর নিশ্চিত হয়েছে। আগামীকাল শুক্রবার সেখানে বহুল প্রতীক্ষিত কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।