সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
২:৫৮ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬

যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম ২৪ শতাংশ, পণ্যমূল্য ১৬ শতাংশ বাড়তে পারে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী বছরে জ্বালানিপণ্যের দাম গড়ে ২৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক গ্রুপ। একই সঙ্গে তেল, সার ও ধাতুর মূল্যবৃদ্ধির কারণে ২০২৬ সালে সামগ্রিক পণ্যমূল্য প্রায় ১৬ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিশ্বব্যাংকের সর্বশেষ ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদনে […]

যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম ২৪ শতাংশ, পণ্যমূল্য ১৬ শতাংশ বাড়তে পারে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী বছরে জ্বালানিপণ্যের দাম গড়ে ২৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক গ্রুপ। একই সঙ্গে তেল, সার ও ধাতুর মূল্যবৃদ্ধির কারণে ২০২৬ সালে সামগ্রিক পণ্যমূল্য প্রায় ১৬ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বব্যাংকের সর্বশেষ ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদনে এসব পূর্বাভাস তুলে ধরা হয়েছে। সংস্থাটি বলছে, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৫ শতাংশ চলাচল করে। এ রুটে অচলাবস্থা তৈরি হওয়ায় প্রাথমিকভাবে বৈশ্বিক তেল সরবরাহ দিনে প্রায় এক কোটি ব্যারেল কমে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে তাৎক্ষণিক চাপ পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে ব্রেন্ট অপরিশোধিত তেলের গড় দাম প্রতি ব্যারেল ৮৬ ডলারে উঠতে পারে। চলতি বছরে এর গড় মূল্য ছিল ৬৯ ডলার। তবে সংঘাত দীর্ঘায়িত হলে বা সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক না হলে দাম ১১৫ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
বিশ্বব্যাংক আরও বলেছে, জ্বালানি খাতের পাশাপাশি কৃষি উৎপাদন ব্যয়ও বাড়বে। আগামী বছরে সারের দাম গড়ে ৩১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে ইউরিয়ার দাম ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সময়ে অ্যালুমিনিয়াম, তামা ও টিনসহ শিল্পধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে। ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় স্বর্ণসহ মূল্যবান ধাতুর দামও বাড়তে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, উন্নয়নশীল অর্থনীতিগুলোতে আগামী বছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ১ শতাংশ হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় বেশি। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তা ৫ দশমিক ৮ শতাংশে পৌঁছাতে পারে। একই সঙ্গে এসব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে ৩ দশমিক ৬ শতাংশে দাঁড়ানোর আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
বিশ্বব্যাংকের মতে, যুদ্ধ ও সরবরাহ সংকটের প্রভাব শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকবে না; তা খাদ্য, সার, শিল্পধাতু এবং সামগ্রিক ভোক্তা ব্যয়ের ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ