রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আবাসন খাতের সর্ববৃহৎ আয়োজন রিহ্যাব ফেয়ার–২০২৫। বুধবার (২৪ ডিসেম্বর) চার দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (এনএইচএ)-এর চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। এ বছর রিহ্যাব ফেয়ারে […]
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আবাসন খাতের সর্ববৃহৎ আয়োজন রিহ্যাব ফেয়ার–২০২৫। বুধবার (২৪ ডিসেম্বর) চার দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (এনএইচএ)-এর চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।
এ বছর রিহ্যাব ফেয়ারে মোট ২২০টি স্টল স্থান পেয়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী বিভিন্ন প্রতিষ্ঠানও এতে অংশগ্রহণ করছে, যা ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য বাড়তি সুযোগ সৃষ্টি করেছে।
উদ্বোধনী বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, একটি দেশ গঠনে ভবন নির্মাণের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও নির্মাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাসন খাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন থাকলেও বাস্তবায়নের মূল দায়িত্ব ডেভেলপার ও নির্মাণ সংশ্লিষ্টদের ওপরই বর্তায় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যদি প্লট মালিকদের নিজেদের অর্থায়নে বাড়ি নির্মাণের দায়িত্ব নিতে হতো, তাহলে ঢাকা শহরে বর্তমান সংখ্যক ভবন আদৌ গড়ে উঠত কি না—সেটি ভাবার বিষয়। আবাসন খাত দীর্ঘদিন ধরে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কিছুটা মন্দা থাকলেও তা স্থায়ী নয় এবং ভবিষ্যতে আবারও সুদিন ফিরে আসবে।
ডেভেলপারদের নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণার কথাও তুলে ধরেন রাজউক চেয়ারম্যান। তিনি বলেন, অনেকেই মনে করেন ডেভেলপাররা শুধু নিজেদের ব্যবসায়িক স্বার্থ নিয়েই ভাবেন, কিন্তু বাস্তবে অধিকাংশ ডেভেলপারই একটি পরিকল্পিত, সুন্দর ও নিয়মতান্ত্রিক নগর গড়ে তুলতে আগ্রহী।
বিশেষ অতিথির বক্তব্যে এনএইচএ চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম নিয়ম মেনে ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, সদস্য প্রতিষ্ঠান ও ক্রেতাদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরিতে রিহ্যাব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মতে, দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের উন্নত পরিবেশে সুন্দর ফ্ল্যাটে বসবাসের আগ্রহও বাড়ছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য সিঙ্গেল ও মাল্টিপল—এই দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। সিঙ্গেল এন্ট্রি টিকিটের মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা, যা দিয়ে একজন দর্শনার্থী পাঁচবার মেলায় প্রবেশ করতে পারবেন। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে। এছাড়া মেলার প্রতিদিনই অনুষ্ঠিত হবে র্যাফল ড্র।