সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১২:০৭ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানত এক বছরে বেড়েছে ৪১ শতাংশ

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানতের পরিমাণ ২০২৫ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক বছরের ব্যবধানে এই আমানত ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৩ কোটি ৪২ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৭৫৯ কোটি টাকা। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত বার্ষিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী, […]

সুইস ব্যাংকে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানত এক বছরে বেড়েছে ৪১ শতাংশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানতের পরিমাণ ২০২৫ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক বছরের ব্যবধানে এই আমানত ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৩ কোটি ৪২ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৭৫৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত বার্ষিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানতের পরিমাণ ছিল ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ১৬ কোটি টাকার সমান। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে প্রায় ২৪ কোটি ৪৭ লাখ সুইস ফ্রাঁ বা প্রায় ৩ হাজার ৭৪৩ কোটি টাকা।

এসএনবির প্রকাশিত ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড’ শীর্ষক প্রতিবেদনে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যাংকের নামে সংরক্ষিত অর্থের হিসাব তুলে ধরা হয়েছে। তবে এসব অর্থের মালিক কারা কিংবা কী উদ্দেশ্যে তা জমা রাখা হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানত সর্বোচ্চ ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছিল। এরপর ২০২৫ সালে তা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে উঠেছে।

গত এক দশকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৬ সালের শেষে সুইস ব্যাংকে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানতের পরিমাণ ছিল ৬৬ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ। ২০১৭ সালে তা কমে দাঁড়ায় ৪৮ কোটি ১৩ লাখ সুইস ফ্রাঁ। ২০১৮ সালে আবার বেড়ে হয় ৬১ কোটি ১৭ লাখ সুইস ফ্রাঁ এবং ২০১৯ সালে ছিল ৬০ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ। ২০২০ সালে আমানত কমে ৫৬ কোটি ২৯ লাখ সুইস ফ্রাঁতে নেমে আসে। পরের বছর অর্থাৎ ২০২১ সালে তা বেড়ে রেকর্ড ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছায়।

এরপর ২০২২ সালে আমানত কমে ৫৫ কোটি ২৬ লাখ সুইস ফ্রাঁ হয় এবং ২০২৩ সালে তা নাটকীয়ভাবে নেমে আসে মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে। তবে ২০২৪ সালে আবার বড় ধরনের উল্লম্ফন দেখা যায় এবং ২০২৫ সালে সেই প্রবৃদ্ধির ধারা আরও শক্তিশালী হয়।

এসএনবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আমানত বৃদ্ধির প্রধান কারণ ছিল বাংলাদেশি ব্যাংকগুলোর জমা অর্থের বৃদ্ধি। ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত ছিল ৫৭ কোটি ৬৬ লাখ সুইস ফ্রাঁ। এক বছরের ব্যবধানে তা ৪৩ শতাংশ বেড়ে ৮২ কোটি ২৭ লাখ সুইস ফ্রাঁতে উন্নীত হয়েছে।

বাংলাদেশের ব্যাংকিং খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থ রাখা আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রমের স্বাভাবিক অংশ। এটি অবৈধ অর্থ বা অর্থপাচারের সরাসরি প্রমাণ নয়। বিভিন্ন ব্যাংক মুনাফা, তারল্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক লেনদেনের প্রয়োজন বিবেচনায় বিদেশি ব্যাংকে অর্থ সংরক্ষণ ও বিনিয়োগ করে থাকে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশ-সংশ্লিষ্ট মোট আমানতের ৯৮ দশমিক ৬ শতাংশই ছিল বাংলাদেশি ব্যাংকগুলোর। ২০২৪ সালে এই হার ছিল ৯৭ দশমিক ৮ শতাংশ। তুলনামূলকভাবে ২০২৩ সালে এটি ছিল মাত্র ২০ শতাংশ এবং ২০২১ সালে ৩৫ শতাংশ।

অন্যদিকে ব্যক্তিগত গ্রাহকদের আমানত কিছুটা কমেছে। ২০২৪ সালে ব্যক্তিগত হিসাবে জমাকৃত অর্থ ছিল ১ কোটি ২৬ লাখ সুইস ফ্রাঁ। ২০২৫ সালে তা প্রায় ১০ শতাংশ কমে ১ কোটি ১৪ লাখ সুইস ফ্রাঁতে নেমে এসেছে।

একসময় গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য সুইস ব্যাংকগুলো বিশ্বজুড়ে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থপাচার, কর ফাঁকি এবং অবৈধ সম্পদ গোপন করার প্রবণতা রোধে দেশটি কঠোর স্বচ্ছতা নীতি অনুসরণ করছে।

এই লক্ষ্যে ২০১৮ সাল থেকে অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন (এএইওআই) ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থার আওতায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে হিসাবধারীর পরিচয়, ঠিকানা, কর শনাক্তকরণ নম্বর, হিসাবের স্থিতি এবং বিনিয়োগজনিত আয়ের তথ্য নিয়মিত বিনিময় করা হয়। এর ফলে সংশ্লিষ্ট দেশের কর কর্তৃপক্ষ বিদেশে থাকা সম্পদ ও আয় সম্পর্কে তথ্য যাচাই করতে পারে।

সুইস ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এএইওআই কাঠামোর আওতায় ১০১টি দেশের সঙ্গে প্রায় ৩৪ লাখ আর্থিক হিসাবের তথ্য বিনিময় করা হয়েছে।

তবে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) সংশ্লিষ্ট গ্লোবাল ফোরামের ২০২৬ সালের মে মাসের হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখনো এএইওআই ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে যোগদানের প্রতিশ্রুতি দেয়নি। অন্যদিকে ভারত ও পাকিস্তান ইতোমধ্যে এই ব্যবস্থার আওতায় তথ্য বিনিময় করছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০২৫ সালে সুইস ব্যাংকে সবচেয়ে বেশি আমানত ছিল ভারতের। দেশটির আমানতের পরিমাণ ছিল ৩২০ কোটি সুইস ফ্রাঁ। তবে আগের বছরের তুলনায় ভারতের আমানত ৮ শতাংশ কমেছে।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। শতাংশের হিসাবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আফগানিস্তানের, যেখানে আমানত ৪৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। যদিও দেশটির মোট আমানত মাত্র ৪৭ লাখ সুইস ফ্রাঁ।

সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০২৫ সালে মিশ্র প্রবণতা দেখা গেছে। ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের আমানত কমলেও বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মালদ্বীপের আমানত বৃদ্ধি পেয়েছে।

অর্থনীতিবিদদের মতে, সুইস ব্যাংকে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানতের এই বৃদ্ধি মূলত ব্যাংকিং খাতের আন্তর্জাতিক লেনদেন ও তহবিল ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত কি না, তা বিশ্লেষণের জন্য আরও বিস্তারিত তথ্য প্রয়োজন। কারণ কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যানে আমানতের প্রকৃত মালিকানা বা উৎস সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

সূত্র: সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ