সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযথ দায়িত্ব পালন করেছে কি না, তা জনগণের কাছে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে শফিকুর রহমান বলেন, সম্প্রতি সৌদি আরবের […]
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযথ দায়িত্ব পালন করেছে কি না, তা জনগণের কাছে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে শফিকুর রহমান বলেন, সম্প্রতি সৌদি আরবের মক্কা নগরীতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ঘটনা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
জামায়াত আমির বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। তাঁদের প্রবাসজীবনের নানা সমস্যা নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের স্বার্থ রক্ষা, দেশের মর্যাদা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষার জন্যই বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট রয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাস কিংবা কনস্যুলেটের সম্পৃক্ততা ছিল কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।
শফিকুর রহমান বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তির বক্তব্য থেকেই এ বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের উদ্রেক হয়েছে। কারণ, তাঁদের বক্তব্যে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের পর বিষয়টি সম্পর্কে তাঁরা জানতে পেরেছেন।
শফিকুর রহমান বলেন, প্রতিটি দেশ তার প্রচলিত আইন অনুযায়ী আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তি যেহেতু প্রবাসী বাংলাদেশি এবং বিষয়টি যেহেতু মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির সঙ্গে সম্পর্কিত, তাই এ ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস দায়িত্ব পালন করেছে কি না, তা সরকারকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।
তিনি আরও বলেন, যে অপরাধের কারণে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানা গেছে, এ ধরনের ঘটনার পেছনে কোনো কার্যকারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামান্য পরিমাণেও থাকলে, তা প্রতিরোধে সরকার বা দূতাবাস কী ধরনের উদ্যোগ নিয়েছে, সেটিও জানা প্রয়োজন।
এ বিষয়ে সরকারের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসকেও নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
ভবিষ্যতে কোনো প্রবাসী বাংলাদেশি বিদেশে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় যেন দূতাবাসের কাছ থেকে প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান শফিকুর রহমান।
একই সঙ্গে দেশের মর্যাদা রক্ষা এবং সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সচেতন করাকেও সরকারের অন্যতম দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে শফিকুর রহমান বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তিকে নিয়ে আলোচনা-পর্যালোচনা করার চেয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করা সবার জন্য উত্তম।
তিনি লেখেন, ‘যা-ই ভালো, তাই বিকশিত হোক।’