সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:১৩ অপরাহ্ন, ২৬ মে ২০২৬

স্বল্প আয়ের মানুষের ভাড়া কমাতে নিউইয়র্কে নতুন আবাসন পরিকল্পনা, ১০ বছরে নির্মাণ হবে ২ লাখ ঘর

নিউইয়র্ক সিটির নিম্ন আয়ের বাসিন্দাদের আবাসন ব্যয় কমাতে বড় পরিসরের নতুন আবাসন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে মেয়র জোহরান মামদানি প্রশাসন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাওয়া এই পরিকল্পনায় সবচেয়ে কম আয়ের পরিবারগুলোর জন্য ভাড়ার হার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, চার সদস্যের যেসব পরিবারের বার্ষিক আয় ৫০ হাজার ৮৮০ ডলার বা তার কম, তারা […]

স্বল্প আয়ের মানুষের ভাড়া কমাতে নিউইয়র্কে নতুন আবাসন পরিকল্পনা, ১০ বছরে নির্মাণ হবে ২ লাখ ঘর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির নিম্ন আয়ের বাসিন্দাদের আবাসন ব্যয় কমাতে বড় পরিসরের নতুন আবাসন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে মেয়র জোহরান মামদানি প্রশাসন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাওয়া এই পরিকল্পনায় সবচেয়ে কম আয়ের পরিবারগুলোর জন্য ভাড়ার হার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, চার সদস্যের যেসব পরিবারের বার্ষিক আয় ৫০ হাজার ৮৮০ ডলার বা তার কম, তারা নগর-ভর্তুকিপ্রাপ্ত অ্যাপার্টমেন্টে আয়ের ৩০ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ ভাড়া পরিশোধ করবেন।

নগর গৃহায়ন সংরক্ষণ ও উন্নয়ন বিভাগের (এইচপিডি) কমিশনার দিনা লেভি জানিয়েছেন, জুন ২০২৬ অথবা এর পর থেকে অর্থায়ন চূড়ান্ত হওয়া নতুন এইচপিডি-অর্থায়িত প্রকল্পগুলোতে এই সুবিধা কার্যকর হবে। তবে ভাউচার সুবিধাভোগী পরিবারগুলো এই পরিকল্পনার আওতায় আসবে না।

মেয়র জোহরান মামদানি বলেন, শ্রমজীবী মানুষকে শহর থেকে ছিটকে পড়া ঠেকাতে এখন আর ধীরগতির সিদ্ধান্তের সুযোগ নেই। আবাসন সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

১০ বছরে ২ লাখ সাশ্রয়ী আবাসন

মামদানি প্রশাসন আগামী এক দশকে দুই লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই বছরে প্রতি বছর আট হাজার নতুন সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে, যা আগের সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি।

এর মধ্যে প্রতিবছর প্রায় দুই হাজার ৪০০টি ইউনিট বরাদ্দ থাকবে এমন পরিবারগুলোর জন্য, যাদের আয় এলাকার মধ্যম আয়ের ৩০ শতাংশ বা তার কম। এছাড়া আরও এক হাজার ৬০০টি ইউনিট থাকবে মধ্যম আয়ের ৩১ থেকে ৫০ শতাংশ আয়কারী পরিবারের জন্য।

দিনা লেভি জানান, বিদ্যমান সাশ্রয়ী আবাসন সংরক্ষণ, গৃহমালিকানার সুযোগ বাড়ানো এবং কর সুবিধার মাধ্যমে নতুন নির্মাণ ত্বরান্বিত করেই এই বড় লক্ষ্য অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রবীণদের জন্য বাড়তি আবাসন সুবিধা

পরিকল্পনার অংশ হিসেবে প্রতিবছর এক হাজার নতুন প্রবীণ আবাসন তৈরির প্রতিশ্রুতিও দিয়েছে প্রশাসন। এটি ২০২৪ ও ২০২৫ সালের গড় নির্মাণের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

শুধু প্রবীণদের জন্য আলাদা প্রকল্প নয়, বরং বিভিন্ন বয়সী মানুষের জন্য মিশ্র প্রজন্মভিত্তিক আবাসন তৈরির উদ্যোগও নেওয়া হবে।

কমিশনার লেভি বলেন, ফেডারেল সরকার সাশ্রয়ী আবাসন খাতে আগের মতো সহায়তা দিচ্ছে না। সেকশন-৮ কর্মসূচির সম্প্রসারণও থেমে আছে। তাই বিকল্প কাঠামো তৈরি করে প্রবীণদের জন্য আরও বেশি আবাসন নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

নতুন পরিকল্পনায় পুরোনো সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট সংরক্ষণ, নতুন ভবন নির্মাণ, বিল্ডিং কোড বাস্তবায়ন এবং ভূমি ব্যবহারে পরিবর্তনের মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। প্রশাসনের দাবি, পরিকল্পনার প্রাথমিক ধাপের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ধাপে ধাপে পুরো কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ