সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:১৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না, চলবে ইরান-ওমানের আইনে

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। তাঁর দাবি, প্রণালিটির তদারকি ও বিধিবিধান নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা হয়েছে। বুধবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গালিবাফ জানান, আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের […]

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না, চলবে ইরান-ওমানের আইনে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। তাঁর দাবি, প্রণালিটির তদারকি ও বিধিবিধান নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা হয়েছে। বুধবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গালিবাফ জানান, আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালি পরিচালনা ও তদারকির বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে। তাঁর ভাষ্য, প্রণালির ভেতরে কোনো মুক্ত আন্তর্জাতিক জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনও এখানে প্রযোজ্য নয়। বরং হরমুজ প্রণালির বিধিবিধান নির্ধারিত হবে এর দুই উপকূলীয় দেশের নিজ নিজ আইন অনুযায়ী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার অগ্রগতি সম্পর্কে গালিবাফ বলেন, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরান ওয়াশিংটনকে স্পষ্ট জবাব দিয়েছে। ওই জবাবে শান্তি আলোচনার জন্য ইরানের সাতটি শর্ত তুলে ধরা হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান। তাঁর কথায়, ‘বল এখন আমেরিকার কোর্টে।’

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং সংঘাতের অবসানের স্পষ্ট ঘোষণা। গালিবাফের দাবি, জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবেই এসব দাবি তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এগুলো বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে—এমন আচরণ না করে আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে চুক্তিতে পৌঁছানো সম্ভব। তাঁর মতে, আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার অভাব।

গালিবাফ আরও জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।

ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা হলে তার পরিণতি নিয়েও সতর্ক করেছেন দেশটির এই প্রধান আলোচক। তাঁর দাবি, নতুন হামলা হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি পরাজয়ের মুখে পড়বেন এবং জানুয়ারিতে দায়িত্ব নেওয়া নতুন কংগ্রেসের রাজনৈতিক চাপও সামলাতে হবে তাঁকে।

গালিবাফ বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য সামরিক সক্ষমতাসহ দীর্ঘমেয়াদি প্রতিরোধের সামর্থ্য গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত নিয়েও কথা বলেন গালিবাফ। তাঁর মতে, এ সংঘাতে বাইরের কারও হস্তক্ষেপ করা উচিত নয়। তবে ইয়েমেন সরকার ও সৌদি আরব—উভয় পক্ষই সহায়তা চাইলে সংঘাত নিরসনে ইরান সহযোগিতা করবে।

এর আগে অক্টোবরে সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে আলোচনা এগিয়ে নিতে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ