সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪৮ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে সুপারট্যাংকারে ইরানের হামলা, আগুন জ্বলছে তেলবাহী জাহাজে

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে একটি বিশাল তেলবাহী সুপারট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবারের এ হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সংবাদমাধ্যম […]

হরমুজ প্রণালিতে সুপারট্যাংকারে ইরানের হামলা, আগুন জ্বলছে তেলবাহী জাহাজে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে একটি বিশাল তেলবাহী সুপারট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবারের এ হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহিনীর বরাতে বলা হয়, নির্দেশ অমান্য করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় একটি সুপারট্যাংকারে সরাসরি আঘাত হানা হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় বলে দাবি করা হয়।

আইআরজিসির অভিযোগ, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে জাহাজটি নিজের ট্র্যাকিং ডিভাইস বা ‘ট্রান্সপন্ডার’ বন্ধ রেখেছিল। পাশাপাশি হরমুজ প্রণালিতে দায়িত্ব পালনরত ইরানি নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তাও উপেক্ষা করে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করেছিল জাহাজটি।

ট্রান্সপন্ডার বন্ধ রাখা জাহাজকে শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচনার হুঁশিয়ারি

এর আগে সপ্তাহান্তে আইআরজিসির নৌ কমান্ডার আলী ওজমাই সতর্ক করে বলেছিলেন, যেসব জাহাজ নিজেদের অবস্থান শনাক্ত করা এড়াতে ট্রান্সপন্ডার বা সংকেত বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করবে, সেগুলোকে শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের জাহাজের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান কঠোর অবরোধ আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর জবাবে মার্কিন বাহিনীও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি প্রণালি অতিক্রমকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে সশস্ত্র পাহারায় নিয়ে যাওয়ার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে প্রবেশ করা জাহাজগুলো হামলার ঝুঁকিতে রয়েছে।

এক দিনে চার জাহাজে হামলার খবর

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সোমবার এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, এর আগের দিন রোববার হরমুজ প্রণালিতে চারটি জাহাজে হামলা বা আঘাতের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তথ্যসূত্র: আরব নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ