ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টায় তিনি হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। ফোনালাপে প্রধান উপদেষ্টা জানান, ঘটনাটির পরই তিনি কয়েকজন উপদেষ্টা […]
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টায় তিনি হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
ফোনালাপে প্রধান উপদেষ্টা জানান, ঘটনাটির পরই তিনি কয়েকজন উপদেষ্টা এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। বৈঠক থেকে হামলাকারীদের সর্বোচ্চ দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। সরকার এ ঘটনার তদন্তে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে।’
হাদির চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ওমর বিন হাদিকে জানান, তাঁর চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। প্রয়োজন হলে দেশে–বিদেশে যেখানে সর্বোত্তম চিকিৎসা পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা করা হবে।
প্রফেসর ইউনূস আরও বলেন, ‘হাদি আমাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।’