সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:৩৪ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। অধিবেশনের সূচনাদিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। এবারের ভাষণে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন, গণঅভ্যুত্থান, বিগত সরকারের শাসনামলের অনিয়ম ও মানবাধিকার পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির ভাষণে ফ্যাসিবাদী শাসনের সময়কাল, ছাত্র-জনতার জুলাই আন্দোলন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ […]

হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। অধিবেশনের সূচনাদিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। এবারের ভাষণে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন, গণঅভ্যুত্থান, বিগত সরকারের শাসনামলের অনিয়ম ও মানবাধিকার পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির ভাষণে ফ্যাসিবাদী শাসনের সময়কাল, ছাত্র-জনতার জুলাই আন্দোলন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়মের সার্বিক চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন বিএনপির নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোও ভাষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। এই ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয় এবং সংসদ সদস্যরা এ বিষয়ে বক্তব্য দেন। অধিবেশনের শেষ দিনে ওই প্রস্তাব গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি নিজে ভাষণটি প্রস্তুত করেন না; বরং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে মন্ত্রিপরিষদ বিভাগ এ ভাষণের খসড়া তৈরি করে, যা পরে মন্ত্রিসভায় অনুমোদিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভাষণের খসড়া তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে তা যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। অনুমোদনের পর চূড়ান্ত ভাষণ রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। খসড়া প্রণয়নের কাজে কয়েক মাস সময় লেগেছে এবং এতে প্রায় দেড়শ পৃষ্ঠার তথ্য সংযোজন করা হয়েছে।

সূত্র জানায়, এবারের ভাষণে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট, নির্বাচন ব্যবস্থার বিতর্ক, বিরোধী দলের ওপর নিপীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর সংক্রান্ত অভিযোগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ঘটনাপ্রবাহের বিশদ বিবরণও অন্তর্ভুক্ত থাকবে।

জানা গেছে, দীর্ঘ ভাষণ হলেও রাষ্ট্রপতি সংসদে এর সম্পূর্ণ অংশ পাঠ করবেন না। মূল বক্তব্য উপস্থাপন করার পর বাকি অংশ স্পিকারের অনুমতিক্রমে পঠিত বলে গণ্য করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১২ মার্চ অধিবেশন অনুষ্ঠিত হবে—এটুকুই আপাতত জানা রয়েছে। এর বাইরে তিনি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানও ভাষণ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে তৎকালীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, নির্বাচন ব্যবস্থার প্রশংসা এবং রাজনৈতিক বিরোধীদের সমালোচনা গুরুত্ব পায়। তবে এবারের ভাষণে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক বাস্তবতা ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ