সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:৩০ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়ার নাম ঘোষণা করেছেন। বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কর্মরত কেটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলে ট্রাম্পের দুই মেয়াদে হোয়াইট হাউসের ষষ্ঠ প্রধান মুখপাত্র হবেন। এর আগে অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে (ডিএইচএস) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক […]

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়ার নাম ঘোষণা করেছেন। বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কর্মরত কেটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলে ট্রাম্পের দুই মেয়াদে হোয়াইট হাউসের ষষ্ঠ প্রধান মুখপাত্র হবেন। এর আগে অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে (ডিএইচএস) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প কেটিকে ‘অনুগত’ এবং তাঁর ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (ম্যাগা) আন্দোলনের নিবেদিতপ্রাণ সমর্থক ও সদস্য হিসেবে বর্ণনা করেন।

ক্যারোলাইন লেভিটের স্থলাভিষিক্ত হচ্ছেন কেটি

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট গত আগস্টে দায়িত্ব ছাড়েন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে যোগ দিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবেই কেটি জাকারাইয়ার নাম ঘোষণা করলেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কেটির নিয়োগের ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, তাঁর নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কেটি। বিশেষ করে নির্বাচনের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

ট্রাম্প লেখেন, ‘তিনি এর আগে আমার নির্বাচনি প্রচারে যুক্ত ছিলেন। নির্বাচনে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভূমিকা রেখেছেন। সাতটি অঙ্গরাজ্যের সাতটিতেই আমরা জিতেছি।’

নতুন দায়িত্বে কেটি ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প আরও বলেন, হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে তিনি দেশের জন্য চমৎকার ফলাফল বয়ে আনবেন। সংবাদমাধ্যম, মার্কিন জনগণ ও তাঁর প্রশাসনের কাছে কেটি শ্রদ্ধার পাত্র হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সবার সঙ্গে কেটি ভালোভাবে কাজ করবেন বলে মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন কেটি

নতুন দায়িত্বের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন কেটি জাকারাইয়া। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান।

কেটি আরও লেখেন, ট্রাম্প আমেরিকাকে দেখিয়েছেন যে দেশটি আবারও মহান হয়ে উঠতে পারে। সেই লক্ষ্য বাস্তবায়নে ট্রাম্প প্রতিদিন কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে হোয়াইট হাউসের প্রেস কোর এবং দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কেটি।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা

৪২ বছর বয়সী কেটি জাকারাইয়া একজন রাজনৈতিক কৌশলবিদ ও রক্ষণশীল ভাষ্যকার। তিনি এর আগে নিউজম্যাক্স ও ফক্স নিউজে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

কেটি রিপাবলিকান পার্টির জাতীয় কমিটিতে ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন। ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের সময় হোয়াইট হাউসের রাজনীতিবিষয়ক দপ্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

গত জুনে ট্রাম্পের মিডিয়া কোম্পানি ও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন কেটি। তাঁর লিংকডইন প্রোফাইলেও এই পদবির উল্লেখ রয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে (ডিএইচএস) কাজ করেন তিনি। এবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব পেলে ট্রাম্প প্রশাসনের হয়ে গণমাধ্যমের সামনে সরকারের অবস্থান তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কেটি।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ