মানবসৃষ্ট দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত শিল্পভিত্তিক মৎস্য আহরণের কারণে বিশ্বের মহাসাগরগুলো এখন “তীব্র এবং দ্রুত বর্ধনশীল” সংকটের মুখে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, গত এক দশকের তুলনায় বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ হয়েছে, যা উপকূলীয় অঞ্চলগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে। বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে প্রকাশিত […]
ছবি: সংগৃহীত
মানবসৃষ্ট দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত শিল্পভিত্তিক মৎস্য আহরণের কারণে বিশ্বের মহাসাগরগুলো এখন “তীব্র এবং দ্রুত বর্ধনশীল” সংকটের মুখে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, গত এক দশকের তুলনায় বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ হয়েছে, যা উপকূলীয় অঞ্চলগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে।
বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে প্রকাশিত জাতিসংঘের তৃতীয় “ওয়ার্ল্ড ওশেন অ্যাসেসমেন্ট” প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্লাস্টিক দূষণ, অতিরিক্ত মাছ শিকার, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি এবং মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডের ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মহাসাগরীয় বাস্তুতন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।
প্রতিবেদনটি প্রস্তুত করেছেন বিশ্বের ৮৬টি দেশের প্রায় ৬০০ জন বিজ্ঞানী। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিচালিত গবেষণার তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। এর আগের প্রতিবেদনে সামুদ্রিক পরিবেশের অবনতির বিষয়টি উল্লেখ করা হলেও এবারের প্রতিবেদনে দেখা গেছে, পরিস্থিতি আরও দ্রুত খারাপের দিকে যাচ্ছে।
বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে ২ মিলিমিটার করে বাড়লেও ২০২৩ সালে তা বেড়ে বছরে ৪ দশমিক ৩ মিলিমিটারে পৌঁছেছে। অর্থাৎ এক দশকের ব্যবধানে বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ হয়েছে।
মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধিও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ১৯৫৫ সালের পর থেকে যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি রেকর্ড করা হয়েছে, তার ১৬ শতাংশই ঘটেছে শুধু ২০১৮ সালের পরবর্তী সময়ে। বিশেষ করে আটলান্টিক মহাসাগর এবং ভারত ও প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সাল পর্যন্ত পৃথিবীর সমুদ্রতলের মাত্র ২৭ শতাংশের মানচিত্রায়ণ করা সম্ভব হয়েছে। ফলে গভীর সমুদ্রের বিশাল অংশ সম্পর্কে এখনও পর্যাপ্ত বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়নি। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের প্রকৃত অবস্থা মূল্যায়ন করাও কঠিন হয়ে পড়ছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, মহাসাগরকে অসীম সম্পদের উৎস হিসেবে বিবেচনা করার সময় শেষ হয়ে এসেছে। তিনি সতর্ক করে বলেন, সামুদ্রিক পরিবেশ রক্ষায় এখন জরুরি ভিত্তিতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক আইন এবং দেশগুলোর সমন্বিত দায়িত্ববোধ ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক পরিবেশ রক্ষায় কিছু ইতিবাচক অগ্রগতিও হয়েছে। বিশেষ করে সম্প্রতি কার্যকর হওয়া ঐতিহাসিক “হাই সিস ট্রিটি” বা উন্মুক্ত সমুদ্র চুক্তি আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চুক্তির মাধ্যমে কোনো দেশের সীমানার বাইরে থাকা বিশাল সামুদ্রিক অঞ্চল সংরক্ষণের সুযোগ তৈরি হয়েছে।
তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, বর্তমানে মহাসাগর সংক্রান্ত আন্তর্জাতিক শাসনব্যবস্থা এখনও খণ্ডিত এবং বিভিন্ন আঞ্চলিক ও খাতভিত্তিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। ফলে কার্যকর সমন্বয় না হলে সংকট আরও গভীর হতে পারে।
পৃথিবীর ৭০ শতাংশেরও বেশি এলাকা মহাসাগর দ্বারা আচ্ছাদিত। জলবায়ু নিয়ন্ত্রণ, খাদ্য সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বৈশ্বিক অর্থনীতির জন্য মহাসাগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশ এবং কার্বন ডাই অক্সাইডের প্রায় ৩০ শতাংশ মহাসাগর শোষণ করে নিচ্ছে।
প্লাস্টিক দূষণও মহাসাগরের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রতি বছর প্রায় ৫ কোটি ২১ লাখ টন প্লাস্টিক সমুদ্রে গিয়ে পড়ে। এর ফলে প্রায় ২৪ দশমিক ৪ ট্রিলিয়ন মাইক্রোপ্লাস্টিক কণা মহাসাগরে ছড়িয়ে পড়েছে, যা চার হাজারেরও বেশি সামুদ্রিক প্রাণীর জন্য হুমকি তৈরি করছে।
গবেষণা দলের অন্যতম সমন্বয়কারী রাফায়েল গঞ্জালেজ-কুইরোজ বলেন, সুস্থ ও টেকসই মহাসাগরের প্রয়োজনীয়তা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। তিনি বলেন, মহাসাগর রক্ষা করা মানে মানবজাতির ভবিষ্যৎ রক্ষা করা।
প্রতিবেদনে সামুদ্রিক পরিবেশের এই অবনতির পেছনে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, প্রযুক্তির অপব্যবহার এবং ভূরাজনৈতিক অস্থিরতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন, যা ২০২৪ সালের শেষ নাগাদ বেড়ে ৮ দশমিক ২ বিলিয়নে পৌঁছেছে।
বর্তমানে বিশ্বের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ উপকূল থেকে ১০০ কিলোমিটারের মধ্যে বসবাস করে। এছাড়া প্রায় ১১ শতাংশ মানুষ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ মিটারের কম উচ্চতায় বসবাস করছে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তাদের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এই প্রতিবেদনকে বিশ্বনেতাদের জন্য একটি “জরুরি সতর্কবার্তা” হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি গভীর সমুদ্রে খনি খনন এবং শিল্পভিত্তিক মাছ ধরার মতো কর্মকাণ্ড নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।
গ্রিনপিসের বৈশ্বিক মহাসাগর প্রচারক লুকাস মেউস বলেন, বিশ্বের বিভিন্ন সরকারকে এমন সামুদ্রিক অভয়ারণ্য গড়ে তুলতে হবে যেখানে বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্তত ৩০ শতাংশ মহাসাগর সংরক্ষণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিজ্ঞানীদের মতে সেটিই মহাসাগর পুনরুদ্ধারের জন্য ন্যূনতম প্রয়োজনীয় পদক্ষেপ।
সূত্র: দ্য গার্ডিয়ান