যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল সুইজারল্যান্ড ত্যাগ করেছে। সোমবার তেহরানের উদ্দেশে রওনা দেন দেশটির শীর্ষ আলোচকরা, তবে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রাখতে একটি টেকনিক্যাল দল সেখানে অবস্থান করছে। আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ। প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল সুইজারল্যান্ড ত্যাগ করেছে। সোমবার তেহরানের উদ্দেশে রওনা দেন দেশটির শীর্ষ আলোচকরা, তবে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রাখতে একটি টেকনিক্যাল দল সেখানে অবস্থান করছে।
আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ। প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের হেমাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলী বাকরি।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সুইজারল্যান্ড ত্যাগ করলেও উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির নেতৃত্বে কারিগরি আলোচক দল সেখানে থেকে গেছে। তারা চলমান সমঝোতা বাস্তবায়নের বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সমঝোতার পরবর্তী ধাপ হিসেবে কারিগরি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি এবং বিভিন্ন পারস্পরিক অঙ্গীকারের বিষয়গুলো চূড়ান্ত করার চেষ্টা চলছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ বৈঠকের পরও আলোচনার ধারাবাহিকতা বজায় থাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় নতুন অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।