বর্তমান জাতীয় সংসদকে জনগণের ত্যাগ ও রক্তের ওপর প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান উল্লেখ করে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অত্যন্ত বেশি। তিনি সতর্ক করে বলেন, সংসদ যদি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষ চরমভাবে হতাশ হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের স্পিকারের সম্মেলনকক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের […]
ছবি: সংগৃহীত
বর্তমান জাতীয় সংসদকে জনগণের ত্যাগ ও রক্তের ওপর প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান উল্লেখ করে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অত্যন্ত বেশি। তিনি সতর্ক করে বলেন, সংসদ যদি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষ চরমভাবে হতাশ হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের স্পিকারের সম্মেলনকক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, এই সংসদ কোনো সাধারণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়নি। ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তাই সংসদের দায়িত্বও অনেক বেশি।
গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংসদ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তার মতে, শক্তিশালী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা অপরিহার্য।
তিনি অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, একসময় দেশে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘ সময় ধরে ভীতি ও নিয়ন্ত্রণের সংস্কৃতির কারণে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেননি। তবে বর্তমানে গণমাধ্যম তুলনামূলকভাবে স্বাধীন পরিবেশে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, সেই সময় দেশে গুম, নির্যাতন ও কথিত “আয়নাঘর” সংস্কৃতি তৈরি হয়েছিল। একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থনীতিতে বড় ধরনের লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ যখন অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসে, তখনই রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়। ছাত্র-তরুণ ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন স্পিকার।
সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থকে সবার ওপরে রাখতে হবে। বিরোধী দলের দায়িত্ব সরকারের ভুলত্রুটির গঠনমূলক সমালোচনা করা, আর সরকারি দলের দায়িত্ব সংসদকে কার্যকর রাখা এবং দেশ পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করা।
মতবিনিময় সভায় বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, সাধারণ সম্পাদক শওকত আলী খানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।