আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছে—এমন মনে করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তার ধারণা, দলটি দেশের আগামী সাধারণ নির্বাচনেই অংশ নিতে পারে। যমুনা টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্মৃতি খুব দীর্ঘ নয়, আর সে কারণেই […]
ফাইল ছবি
আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছে—এমন মনে করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তার ধারণা, দলটি দেশের আগামী সাধারণ নির্বাচনেই অংশ নিতে পারে।
যমুনা টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্মৃতি খুব দীর্ঘ নয়, আর সে কারণেই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসতে পারে বলে তার ধারণা।
সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময়কার নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তৌহিদ হোসেন জানান, দায়িত্বে থাকাকালীন তিনি অন্তত তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল, সেই সময়ে তার সরে দাঁড়ানো অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।
জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ‘ডিপস্টেট’ বা কোনো অদৃশ্য শক্তির ভূমিকা ছিল কি না—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পৃথিবীর প্রায় প্রতিটি বড় ঘটনার পেছনেই কোনো না কোনোভাবে ডিপস্টেট সক্রিয় থাকে। তবে তারা সাধারণত স্রোতের বিপরীতে কাজ করে না; বরং স্রোতের ভেতরে থেকেই পরিস্থিতি নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করে।
সাক্ষাৎকারে তিনি সরকারের ভেতরে ‘কিচেন কেবিনেট’ নামে একটি প্রভাবশালী গোপন বলয়ের কথাও তুলে ধরেন। তার ভাষ্য, যমুনায় কোনো এক বিশেষ উপলক্ষে আয়োজিত একটি বৈঠকে তাকে অংশ নিতে হয়েছিল। পরে জানতে পারেন, এই ধরনের একটি দল প্রতি মঙ্গলবার নিয়মিত বসত এবং সরকারের নানা বিষয়ে সিদ্ধান্ত নিত। পর্দার আড়াল থেকে নীতি নির্ধারণে এমন একটি বলয় সক্রিয় ছিল—এমন গুঞ্জনও তার কানে এসেছিল বলে তিনি জানান।
ভোটের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বহুল আলোচিত বাণিজ্য চুক্তি সই নিয়েও কথা বলেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, এই চুক্তির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্রমন্ত্রীর কোনো সম্পৃক্ততা ছিল না। বিষয়টি দেখভাল করেছিল বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
তৌহিদ হোসেনের মতে, বিশেষ কোনো বাধ্যবাধকতা না থাকলে এই ধরনের চুক্তি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত হতো। তার ধারণা, পরিস্থিতির চাপে হয়তো তখন এই সিদ্ধান্ত নিতে হয়েছিল।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি পাঠানো প্রসঙ্গেও কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, চিঠি পাঠানো হলেও ভারত যে ইতিবাচক সাড়া দেবে না, তা তিনি আগেই জানতেন। এ বিষয়ে তিনি প্রশ্ন রেখে বলেন, “আমরা কি আসলেই কোনো উত্তরের আশা করেছিলাম?”
তিনি আরও স্পষ্ট করে জানান, এই বিষয়ে তিনি কোনো বাস্তব প্রত্যাশা করেননি।