আগামী গ্রীষ্মে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে […]
ছবি: সংগৃহীত
আগামী গ্রীষ্মে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিরা অংশ নেন।
বিদ্যুতের ঘাটতি কমাতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হতে পারে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। সৌদি আরব তেলের ওপর সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সেখানে তেলের দাম বেড়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রেও তেল ও গ্যাসের দাম বেড়েছে।
তার ভাষ্য, বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে বাংলাদেশকেও জ্বালানি তেলের দাম নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে সরকার জনগণের বিষয়টি বিবেচনায় রেখে এই সমন্বয় করছে বলেও জানান তিনি।
একই সঙ্গে সম্পদের পরিমিত ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজেদের মধ্যে পরিমিতিবোধ তৈরি করার পাশাপাশি শিশুদেরও সম্পদের সঠিক ও পরিমিত ব্যবহার শেখাতে হবে।
শিক্ষকদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধেও অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করতে হবে।
অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না বলেও আশ্বাস দেন তিনি। কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে সরকারের পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
নিজ দলের নেতাকর্মীদেরও সতর্ক করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে প্রথমে সাংগঠনিক এবং পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।