কুমিল্লায় বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার শুনানিকে ঘিরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় আদালত প্রাঙ্গণে। বিচার দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তনুর মা। তিনি বলেন, “আমি শুধু আমার মেয়ের হত্যার বিচার চাই। অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছি, ভেবেছিলাম একদিন সে আমাদের সুখ দেবে। কিন্তু আজ সে নেই, আর বিচারও পাইনি।” তিনি আরও বলেন, […]
ছবি: সংগৃহীত
কুমিল্লায় বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার শুনানিকে ঘিরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় আদালত প্রাঙ্গণে। বিচার দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তনুর মা। তিনি বলেন, “আমি শুধু আমার মেয়ের হত্যার বিচার চাই। অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছি, ভেবেছিলাম একদিন সে আমাদের সুখ দেবে। কিন্তু আজ সে নেই, আর বিচারও পাইনি।”
তিনি আরও বলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার মতো শারীরিক সক্ষমতা না থাকলেও মেয়ের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। এখন সেই স্মৃতি কেবল কষ্টই বাড়ায়। তার দাবি, দ্রুত ও সঠিক বিচার নিশ্চিত করা হোক।
এদিন প্রায় ১০ বছর পর মামলার অগ্রগতিতে নতুন মোড় আসে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।
বুধবার বিকেলে কুমিল্লা সদর আদালত-১ এ তাকে উপস্থাপন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এই আদেশ দেন। তদন্তকারী সংস্থা পিবিআইয়ের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে জানা যায়, তদন্তকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম আসামিকে তার বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেন। তিনি বলেন, এ মামলায় এতদিন অজ্ঞাত আসামি ছিল, এবার প্রথমবার একজনকে আটক করা হয়েছে।
এর আগে চলতি মাসের ৬ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য আদালতের অনুমতি চান। সন্দেহভাজনদের মধ্যে ছিলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।
আদালত সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত ৮০টির বেশি শুনানির তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাতজন কর্মকর্তা তদন্ত করেছেন। বুধবার বিকেলে তনুর বাবা-মা ও ছোট ভাই আদালতে উপস্থিত ছিলেন।
তনুর বাবা ইয়ার হোসেন বলেন, “একজন আসামি ধরা পড়েছে, কিন্তু তিন দিনের রিমান্ডে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।” তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিচার না হওয়ায় তারা সামাজিকভাবেও চাপের মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরদিন সেনানিবাসের একটি ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্তের পরও মামলার রহস্য উন্মোচিত না হওয়ায় বিষয়টি নিয়ে শুরু থেকেই জনমনে ক্ষোভ ও উদ্বেগ ছিল। বর্তমানে পিবিআই মামলার তদন্ত করছে।