সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৫:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৬

চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, প্রভাবশালী চাঁদাবাজদের ভয়ে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে কিংবা আদালতে সাক্ষ্য দিতে সাহস পান না। নতুন আইন কার্যকর হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার […]

চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, প্রভাবশালী চাঁদাবাজদের ভয়ে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে কিংবা আদালতে সাক্ষ্য দিতে সাহস পান না। নতুন আইন কার্যকর হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার বয়রায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইজিপি এসব কথা জানান।

তিনি বলেন, চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগীরা অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে মুখ খুলতে চান না। এমনকি আদালতে সাক্ষ্য দিতেও ভয় পান। এতে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনটি পাস হলে পুলিশ স্বপ্রণোদিত হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়। আবার বলপ্রয়োগ না করলে পুলিশকে দুর্বল মনে করা হয়। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। একই সময়ে সমাজে মাদকের বিস্তারও ঘটেছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ কাজ করছে।

কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ বিষয়ে একটি আইনি কাঠামো তৈরির কাজ চলছে। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিংকে পুলিশের একটি স্বতন্ত্র শাখা হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আইজিপি আরও জানান, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে সারা দেশে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশ কাজ করছে।

চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীর অভিযোগের ওপর নির্ভরশীলতা কমানোর ওপর গুরুত্ব দেন আইজিপি। তিনি বলেন, নতুন আইন প্রণয়নের উদ্যোগ বাস্তবায়িত হলে অভিযোগ না পেলেও পুলিশ নিজ উদ্যোগে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ