সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৪৮ অপরাহ্ন, ৪ নভেম্বর ২০২৬

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’, হুঁশিয়ারি ইলন মাস্কের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনে দলটির পরাজয়ের পর তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কংগ্রেসের তদন্তের মুখে পড়তে পারে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁর সঙ্গে বিরোধে জড়ালে পরিণতি ভোগ করতে হবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে […]

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’, হুঁশিয়ারি ইলন মাস্কের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনে দলটির পরাজয়ের পর তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কংগ্রেসের তদন্তের মুখে পড়তে পারে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁর সঙ্গে বিরোধে জড়ালে পরিণতি ভোগ করতে হবে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের প্রচারে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। এ ছাড়া ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতেও ২৫ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছিলেন তিনি।

মাস্কের মালিকানাধীন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, সরকারি চুক্তি ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়গুলো খতিয়ে দেখতে পারেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোট গ্রহণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মাস্ক। তবে নির্বাচনের ফলাফলে প্রতিনিধি পরিষদ ও সিনেট, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পায় ডেমোক্র্যাটরা। টেক্সাসের গভর্নর নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী গ্রেগ অ্যাবট পরাজিত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনের পর মাস্কের প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য তদন্ত নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে এক্সে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মাস্ক লেখেন, ‘তলোয়ার দিয়ে যে বাঁচে, তলোয়ারেই তার মৃত্যু হয়।’

যারা তাঁর সঙ্গে বিরোধে জড়াবেন, তাদের উদ্দেশে মাস্ক বলেন, আড়াল থেকে কারা কলকাঠি নাড়ছেন, তা তিনি খুঁজে বের করবেন। শুধু তাঁদের অনুসারীদের নয়, বরং নেপথ্যে থাকা মূল ব্যক্তিদেরও মোকাবিলা করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে নির্বাচনের পর প্রাক্‌-বাজার লেনদেনে স্পেসএক্সের শেয়ারের দাম ৩ দশমিক ৮ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন প্রক্রিয়া ধীর হয়ে গেলে মাস্কের ব্যবসায়িক পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে স্পেসএক্সের পরিকল্পিত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর আগে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা সম্ভাব্য ব্যবসায়িক বাজারে প্রবেশের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।

এর আগেও বিভিন্ন বিষয়ে মাস্কের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এর মধ্যে রয়েছে ইউক্রেনের সামরিক স্যাটেলাইট যোগাযোগসেবা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ, সরকারি দক্ষতা বিভাগে দায়িত্ব পালনের সময় ব্যাপক কর্মী ছাঁটাই এবং তাঁর প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি পাওয়ার বিষয়।

নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া ট্রাম্প, তাঁর পরিবার ও প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। তিনি তাঁদের আইনজীবী নিয়োগের পরামর্শ দেন।

সরকারি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির সাক্ষীদের তলব, সরকারি নথি চাওয়া এবং সমন জারির মাধ্যমে তথ্য ও সহযোগিতা আদায়ের ক্ষমতা রয়েছে। ফলে কংগ্রেসের নতুন নজরদারির আওতায় মাস্কের ব্যবসায়িক কার্যক্রমও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ