বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। একের পর এক দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষদের উড়িয়ে দিয়ে দিদিয়ের দেশমের দল নিজেদের শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিলিয়ান এমবাপ্পের অসাধারণ ফর্ম, আক্রমণভাগের গতি এবং দলের সমন্বিত পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল বিশ্লেষকরাও। তবে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে, বর্তমান সময়ে ফ্রান্সকে থামানোর সামর্থ্য রয়েছে মাত্র একটি দলের—আর্জেন্টিনার। […]
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। একের পর এক দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষদের উড়িয়ে দিয়ে দিদিয়ের দেশমের দল নিজেদের শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিলিয়ান এমবাপ্পের অসাধারণ ফর্ম, আক্রমণভাগের গতি এবং দলের সমন্বিত পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল বিশ্লেষকরাও।
তবে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে, বর্তমান সময়ে ফ্রান্সকে থামানোর সামর্থ্য রয়েছে মাত্র একটি দলের—আর্জেন্টিনার।
সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করার পর আইটিভিতে বিশ্বকাপ বিশ্লেষণে নেভিল বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় ফ্রান্স অন্য সব দলের চেয়ে অনেকটাই এগিয়ে।
তিনি বলেন, “এই মুহূর্তে ফ্রান্সকে থামাতে পারবে এমন দল হিসেবে আমি শুধু আর্জেন্টিনাকেই দেখি। তাদের মানসিক দৃঢ়তা, লড়াই করার সামর্থ্য এবং বড় ম্যাচের অভিজ্ঞতা অন্যদের থেকে আলাদা।”
আর্জেন্টিনা সম্পর্কে নেভিল আরও বলেন, “তাদের মধ্যে অসাধারণ ঐক্য ও প্রতিযোগিতামূলক মানসিকতা রয়েছে। এই গুণগুলোই ফ্রান্সের মতো শক্তিশালী দলের সামনে দাঁড়ানোর সাহস দিতে পারে। এখন পর্যন্ত অন্য কোনো দলের মধ্যে আমি সেই বৈশিষ্ট্য দেখিনি।”
তবে টুর্নামেন্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হতে পারে বলেও মনে করেন সাবেক এই ইংলিশ তারকা।
তার ভাষায়, “এখনো অনেক পথ বাকি। ইংল্যান্ড, স্পেন কিংবা পর্তুগাল নিজেদের খেলাকে আরও উন্নত করতে পারে। আমি আশা করি তারা সেটা করবে।”
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে সেনেগালকে ৩-১, ইরাককে ৩-০ এবং নরওয়েকে ৪-১ গোলে হারানোর পর শেষ বত্রিশে সুইডেনকেও ৩-০ ব্যবধানে বিদায় করেছে তারা।
সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেছেন কিলিয়ান এমবাপ্পে। অপর গোলটি করেন ব্র্যাডলি বারকোলা।
এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও বারকোলাকে নিয়ে ফ্রান্সের আক্রমণভাগ বর্তমানে বিশ্বের যেকোনো রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
এই আক্রমণভাগের প্রশংসা করতে গিয়ে নেভিল বলেন, “যে চারজন ম্যাচ শুরু করেছিল, তারা এই টুর্নামেন্টের প্রতিটি ডিফেন্ডারের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে। সত্যি বলতে, তাদের কীভাবে থামানো যায়, সেটি আমার জানা নেই। তারা অন্য সবার চেয়ে একধাপ এগিয়ে।”
তার মতে, যেখানে অন্যান্য দলগুলো ম্যাচ জিততে কঠিন লড়াই করছে, সেখানে ফ্রান্স অনায়াসেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যাচ্ছে।
নেভিল বলেন, “এখন যদি তারা বিশ্বকাপ না জেতে, তাহলে সেটিকে তাদের ব্যর্থতাই বলতে হবে। কারণ বর্তমান পারফরম্যান্সের বিচারে তারা অন্য সবার চেয়ে এগিয়ে রয়েছে।”
ইংল্যান্ডের আরেক সাবেক ফুটবলার ইয়ান রাইটও একই মত পোষণ করেন। তার মতে, বর্তমান ফর্মে ফ্রান্সকেই সবচেয়ে বেশি ভয় পাওয়ার কথা প্রতিপক্ষদের।
রাইট বলেন, “স্পেন কিংবা পর্তুগালের চেয়ে ফ্রান্সকে নিয়েই প্রতিপক্ষরা বেশি চিন্তা করবে। এই মুহূর্তে তাদের শিরোপা না জেতার কোনো কারণ দেখছি না। অবশ্য ফুটবলে অপ্রত্যাশিত কিছু ঘটতেই পারে।”
এদিকে শেষ আটে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ হবে জার্মানিকে বিদায় দেওয়া প্যারাগুয়ে। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেন কিংবা পর্তুগাল।
তবে গ্যারি নেভিলের চোখে, বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াই এখনো বাকি—আর সেই পরীক্ষার নাম আর্জেন্টিনা।