জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জাতীয় সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কোটি কোটি টাকা চাঁদা দাবি ও অর্থ পাচারের বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএনপির প্রভাবশালী নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। সোমবার (১ জুন) সকালে কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জাতীয় সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কোটি কোটি টাকা চাঁদা দাবি ও অর্থ পাচারের বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএনপির প্রভাবশালী নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
সোমবার (১ জুন) সকালে কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দুই তরুণ নেতার তীব্র সমালোচনা করেন এবং তাদের ‘চিটার-বাটপাড় ও অমানুষ’ বলে আখ্যা দেন। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর দুজন লোক লাইমলাইটে আসে। তাদের একজন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। তিনি কুমিল্লার ডিসিকে গিয়ে বলেছেন—আমাকে ১৫ কোটি টাকা দাও। আরেকজন হাসনাত আব্দুল্লাহ, তিনি গিয়ে বলেছেন—আমাকে ১০ কোটি টাকা দিয়ে দেন।’
তিনি আরও বলেন, ‘এরা চরম অমানুষ, চিটার ও বাটপাড়। এদের মতো ভণ্ড মানুষ ও তরুণ নেতৃত্বকে ধ্বংস করার মতো কোনো মেশিন এখন পর্যন্ত বাংলাদেশে আবিষ্কার হয়নি।’
বক্তব্যের এক পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ফজলুর রহমান দাবি করেন, ওই সরকার দেশের কয়েকটি প্রজন্মকে ধ্বংস করেছে। তার ভাষ্য অনুযায়ী, কম বয়সী ও অনভিজ্ঞ তরুণরা ক্ষমতায় এসে অপব্যবহারের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছে।
তিনি বলেন, ‘এখন তরুণদের মধ্যে পড়াশোনা নেই, খেলাধুলা নেই, সুস্থ সংস্কৃতি নেই। কীভাবে ষড়যন্ত্র করে ছাত্রসমাজকে ব্যবহার করা যায়, সেটাই তাদের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে।’
দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও তরুণদের ভবিষ্যৎ রক্ষায় জনগণকে এ ধরনের নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ফজলুর রহমান।