ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের বিপুল ব্যয়ভার বহন এবং বিভিন্ন অসামরিক খাতের বকেয়া দায় পরিশোধে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ৮০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছে পেন্টাগন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কংগ্রেসের সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১৯ জুন) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের বিপুল ব্যয়ভার বহন এবং বিভিন্ন অসামরিক খাতের বকেয়া দায় পরিশোধে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ৮০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছে পেন্টাগন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কংগ্রেসের সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (১৯ জুন) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, চলতি ২০২৬ অর্থবছরে কংগ্রেস যদি দ্রুত নতুন কোনো সম্পূরক যুদ্ধকালীন ব্যয় বিল অনুমোদন না করে, তাহলে আগামী গ্রীষ্ম নাগাদ মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন কার্যক্রম অর্থসংকটে পড়তে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ২০২৬ অর্থবছরের মূল বাজেট প্রায় এক ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে সাম্প্রতিক সামরিক অভিযান, গোলাবারুদের ব্যবহার বৃদ্ধি এবং পরিচালন ব্যয়ের কারণে অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, প্রতিরক্ষা উপমন্ত্রী স্টিফেন ফেইনবার্গ গত কয়েক দিনে একাধিক মার্কিন আইনপ্রণেতার সঙ্গে টেলিফোনে কথা বলে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যেকোনো নতুন অর্থায়ন প্রস্তাব কংগ্রেসে উপস্থাপনের আগে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের অনুমোদন প্রয়োজন হবে।
সূত্রগুলো জানায়, অতিরিক্ত অর্থের বড় একটি অংশ যুদ্ধজাহাজ পরিচালনা, সামরিক সদস্যদের বেতন-ভাতা প্রদান, ব্যবহৃত গোলাবারুদ পুনরায় সংগ্রহ এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ক্রয়ের কাজে ব্যয় করা হবে।
এছাড়া প্রতিরক্ষা খাতের পাশাপাশি বিভিন্ন অসামরিক খাতের প্রয়োজনীয় ব্যয়ও অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ সম্পূরক অর্থায়ন প্রস্তাব আগামী কয়েক দিনের মধ্যে কংগ্রেসে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
মার্কিন আইনপ্রণেতারা জানিয়েছেন, চলতি সপ্তাহে ক্যাপিটল হিলে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং রিপাবলিকান সিনেটরদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকেও অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সামরিক সংঘাতের ব্যয় এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টি কংগ্রেসে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি