সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাসে নামিয়ে আনা হয়েছে—এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আগের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণ এক বছরই এই মর্যাদা ও নিরাপত্তা সুবিধা পাবেন।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্ব ছাড়ার […]
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাসে নামিয়ে আনা হয়েছে—এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আগের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণ এক বছরই এই মর্যাদা ও নিরাপত্তা সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্ব ছাড়ার পর থেকে এক বছরের জন্য ড. ইউনূসকে ভিভিআইপি হিসেবে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এ বিষয়ে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি।
সম্প্রতি কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সাবেক প্রধান উপদেষ্টার ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমিয়ে ছয় মাস করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র এ তথ্যকে “অপপ্রচার” বলে উল্লেখ করেছে।
জানা গেছে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব হস্তান্তরের কয়েক দিন আগে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব ছাড়ার তারিখ থেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর ফলে তিনি দায়িত্ব ছাড়ার পরও এসএসএফের নিরাপত্তা ও প্রটোকল সুবিধা পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন ও কর্মস্থলে নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া দেশ-বিদেশে সফরের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অনুষ্ঠানস্থলে তল্লাশি ও প্রয়োজনীয় সমন্বয়ও করা হচ্ছে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। কারণ, দায়িত্ব ছাড়ার মাত্র কয়েক দিন আগে নিজ সরকারের সময়েই তিনি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন অনুমোদন করেন বলে সমালোচনা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট গেজেটটি সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি পদ ছাড়েন এবং পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেন।