সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:৩০ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

এনওয়াইপিডির দিকে তুষারবল ছোড়া ‘অপরাধ’ নয়: বিতর্কে মামদানির মন্তব্য

নিউইয়র্কে সাম্প্রতিক তুষারঝড়ের পর ওয়াশিংটন স্কয়ার পার্কে পুলিশের দিকে তুষার ছোড়ার ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি গ্রুপ একযোগে এনওয়াইপিডির সদস্যদের লক্ষ্য করে তুষার ও বরফ নিক্ষেপ করছে। তবে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন না; বরং একে তিনি ‘সাধারণ তুষারবল যুদ্ধ’ বলেই […]

এনওয়াইপিডির দিকে তুষারবল ছোড়া ‘অপরাধ’ নয়: বিতর্কে মামদানির মন্তব্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কে সাম্প্রতিক তুষারঝড়ের পর ওয়াশিংটন স্কয়ার পার্কে পুলিশের দিকে তুষার ছোড়ার ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি গ্রুপ একযোগে এনওয়াইপিডির সদস্যদের লক্ষ্য করে তুষার ও বরফ নিক্ষেপ করছে। তবে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন না; বরং একে তিনি ‘সাধারণ তুষারবল যুদ্ধ’ বলেই উল্লেখ করেছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ভিডিওতে দেখা কিছু তরুণ পুলিশ সদস্যদের দিকে তুষার ছুড়েছে—এটা তিনি লক্ষ্য করেছেন। তবে একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, তুষারঝড়ের সময় পুলিশ সদস্যরা সম্মুখভাগে থেকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি রসিকতার সুরে বলেন, “শহরের কর্মীদের মধ্যে যদি কাউকে তুষার ছোড়াই লাগে, তাহলে সেটা আমার দিকেই ছোড়া হোক।”

তবে মেয়রের এই মন্তব্যে ক্ষুব্ধ পুলিশের শীর্ষ মহল ও ইউনিয়ন নেতারা। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ ঘটনাটিকে সরাসরি “অপরাধমূলক কর্মকাণ্ড” হিসেবে অভিহিত করে জানান, বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের আওতায় আনা হয়েছে।

পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক হেন্ড্রি বলেন, এটি কোনো নিরীহ খেলা ছিল না। বরং বরফ ও পাথরের টুকরো ছোড়ার ফলে দুই পুলিশ সদস্য মাথা ও মুখে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। তার মতে, ঘটনাটিকে হালকাভাবে উপস্থাপন করা মানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রতি অসম্মান দেখানো।

সার্জেন্টস বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ভিনসেন্ট ভ্যালেলংও মেয়রের বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন, “এটা রসিকতার সময় নয়, নেতৃত্ব প্রদর্শনের সময়।”

রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মেয়রের বিরোধীরা অভিযোগ করেন, পুলিশের বিরুদ্ধে অতীতে দেওয়া সমালোচনামূলক বক্তব্যের ফলেই দুষ্কৃতকারীরা এমন দুঃসাহস দেখানোর সাহস পেয়েছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো ও সাবেক মেয়র এরিক অ্যাডামস এই ঘটনাকে কেন্দ্র করে মামদানির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

বর্তমান গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে বলেন, প্রতিদিন জীবন বাজি রেখে পুলিশ সদস্যরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেন। তাদের দিকে কোনো কিছু নিক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় এনওয়াইপিডি নজরদারি ক্যামেরার দুটি স্থিরচিত্র প্রকাশ করে জানায়, আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে পুলিশ সদস্যদের মাথা, ঘাড় ও মুখ লক্ষ্য করে একাধিকবার তুষার ও বরফ নিক্ষেপ করেছে।

সব মিলিয়ে, একটি তুষারবল ছোড়ার ঘটনাই এখন নিউইয়র্কের রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে—এটি নিছক কিশোরসুলভ দুষ্টুমি, নাকি পুলিশের ওপর গুরুতর হামলা—এই প্রশ্নে শহরজুড়ে চলছে তীব্র আলোচনা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ