২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এবারের বাজেট অনেকটা চানাচুরের মতো—খেতে ভালো, শুনতে আকর্ষণীয়, কিন্তু বাস্তব অর্থে এর কোনো পুষ্টিগুণ নেই। বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাতীয় সংসদ ভবনে বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম […]
ছবি: সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এবারের বাজেট অনেকটা চানাচুরের মতো—খেতে ভালো, শুনতে আকর্ষণীয়, কিন্তু বাস্তব অর্থে এর কোনো পুষ্টিগুণ নেই।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাতীয় সংসদ ভবনে বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট প্রস্তাব করেছে, সেটিকে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বলা হলেও বাস্তবে এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হতে যাচ্ছে।
তার ভাষায়, “আমাদের সবচেয়ে বড় সমালোচনার জায়গা হচ্ছে এই বাজেটকে আমাদের উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত মনে হয়েছে। এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে। একে ঋণনির্ভর বা ঋণগ্রস্ত বাজেটও বলা যায়।”
তিনি বলেন, সরকার আগামী অর্থবছরে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু দেশের বর্তমান প্রশাসনিক কাঠামো, করব্যবস্থা এবং রাজস্ব আহরণের সক্ষমতা বিবেচনায় এই লক্ষ্যমাত্রা অর্জন বাস্তবসম্মত নয়।
নাহিদ ইসলামের মতে, নির্ধারিত রাজস্ব আদায় করতে হলে রাজস্ব প্রবৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ হতে হবে। অথচ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধি ছিল ২৭ দশমিক ৩ শতাংশ।
তিনি বলেন, “ধরে নিলাম সরকার অতীতের সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ডও অর্জন করলো, তবুও লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৭০ হাজার কোটি টাকার ঘাটতি থেকে যাবে। তখন প্রশ্ন হচ্ছে, সরকার এই ঘাটতি কীভাবে পূরণ করবে?”
তার মতে, রাজস্ব ঘাটতি পূরণে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর আরও বেশি নির্ভর করতে হবে, যা দেশের অর্থনীতির ওপর নতুন চাপ সৃষ্টি করবে।
নাহিদ ইসলাম বলেন, “সরকার খুব সুন্দর সুন্দর কথা বলেছে। বাজেটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। কিন্তু বাস্তবতা হলো, এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হতে যাচ্ছে। সরকারকে ব্যাংক থেকে আরও বেশি ঋণ নিতে হবে।”
তিনি দাবি করেন, দেশে বৈদেশিক ঋণের পরিমাণ ইতোমধ্যে প্রায় ৮ লাখ ১২ হাজার কোটি টাকায় পৌঁছেছে এবং অভ্যন্তরীণ ঋণও গত কয়েক বছরে বহুগুণ বেড়েছে।
তার ভাষায়, “সরকার যদি ব্যাংকিং খাত থেকে আরও ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতের জন্য ঋণপ্রাপ্তি কঠিন হয়ে যাবে। বিনিয়োগ কমবে, কর্মসংস্থান সংকুচিত হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে।”
বাজেটে ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কারের বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় অর্থনৈতিক গণতন্ত্রের কথা বললেও ব্যাংকিং খাতের সংস্কার, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা দেননি।
তিনি বলেন, “ব্যাংকিং খাতে যে নৈরাজ্য, দলীয়করণ ও রাজনীতিকরণ আমরা দেখছি, তার কোনো সমাধান এই বাজেটে নেই। ইসলামী ব্যাংকের ঘটনাই তার সবচেয়ে বড় উদাহরণ।”
তার অভিযোগ, ব্যাংকিং খাতের প্রতি সাধারণ আমানতকারী ও গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছিল, সেটি আবারও ফিরে আসছে।
তিনি আরও বলেন, “ইসলামী ব্যাংককে আবারও এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে দেওয়ার একটি প্রক্রিয়া চলমান রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এতে ব্যাংকিং খাত নিয়ে মানুষের উদ্বেগ আরও বেড়েছে।”
নাহিদ ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, বাজেটে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।
তার মতে, বাজেট বক্তৃতা শুনতে আকর্ষণীয় মনে হলেও এটি দেশের অর্থনীতিতে কোনো মৌলিক পরিবর্তন আনতে পারবে না।
তিনি বলেন, “অর্থনৈতিক সংস্কারকে রাজনৈতিক সংস্কার থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। কিন্তু বর্তমান সরকারের রাজনৈতিক সংস্কারের অগ্রগতি প্রায় নেই বললেই চলে। ফলে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রেও আমরা তেমন কোনো বাস্তব পরিবর্তনের ইঙ্গিত দেখছি না।”
বিরোধীদলীয় চিফ হুইফের দাবি, বাজেটে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেগুলোর অনেকগুলোই বাস্তবায়নযোগ্য নয় এবং অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর কোনো উদ্যোগ এতে প্রতিফলিত হয়নি।
সূত্র: জাগো নিউজ