আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সব ধরনের বাধা ও রাজনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফিরতে চান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ইমেল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে […]
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সব ধরনের বাধা ও রাজনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফিরতে চান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ইমেল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। প্রায় দুই বছর পর দেশে ফেরার ইচ্ছার পাশাপাশি সম্ভাব্য সময়সীমার কথাও এবার প্রকাশ করলেন তিনি।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা থেকে নয়। বরং তিনি মনে করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জন্য কাজ করা প্রয়োজন।
তার বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি কখনো পিছিয়ে যাননি। ১৯৭৫ সালে পরিবারের অধিকাংশ সদস্যকে হারানোর ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, এসব অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছে এবং তিনি সবসময় দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
নিজের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে শেখ হাসিনা দাবি করেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ এবং বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার মতে, আওয়ামী লীগের নেতৃত্বকে দুর্বল করার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
দলীয় পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নেতৃত্বের অনুপস্থিতি এবং রাজনৈতিক বিধিনিষেধ সত্ত্বেও আওয়ামী লীগ দেশের মানুষের সমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছে। তার ভাষায়, দলটি অতীতেও বহুবার সংকট মোকাবিলা করেছে এবং জনগণের সমর্থন নিয়েই প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক অনুগ্রহের প্রত্যাশা করে না। একই সঙ্গে বিএনপির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তার দাবি, সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ যথাযথভাবে গুরুত্ব পাচ্ছে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তার স্বপ্ন ছিল এমন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করবে। তিনি মনে করেন, সেই আদর্শ রক্ষা করা এখনো দেশের জন্য গুরুত্বপূর্ণ।
সূত্র: এনডিটিভি