বিশ্ব ফুটবলে এবার নতুন চমক ভারতের কলকাতায়। ব্রাজিল ও উরুগুয়ের মতো জাতীয় দলের ম্যাচ ঘিরে ফুটবল উন্মাদনার রেশ কাটতে না কাটতেই এবার শহরটির যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাব ফুটবলের অন্যতম জনপ্রিয় দ্বৈরথ ‘এল ক্ল্যাসিকো’। স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক তারকাদের নিয়ে হতে যাচ্ছে এ প্রদর্শনী ম্যাচ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে […]
ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলে এবার নতুন চমক ভারতের কলকাতায়। ব্রাজিল ও উরুগুয়ের মতো জাতীয় দলের ম্যাচ ঘিরে ফুটবল উন্মাদনার রেশ কাটতে না কাটতেই এবার শহরটির যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাব ফুটবলের অন্যতম জনপ্রিয় দ্বৈরথ ‘এল ক্ল্যাসিকো’। স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক তারকাদের নিয়ে হতে যাচ্ছে এ প্রদর্শনী ম্যাচ।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই দলের কিংবদন্তি ফুটবলাররা। তবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বর্তমান দলের খেলোয়াড়দের দেখা যাবে না এই ম্যাচে। দুই ক্লাবের সাবেক তারকাদের নিয়ে আয়োজিত এ লড়াইয়ের অন্যতম আকর্ষণ হতে পারেন পর্তুগিজ কিংবদন্তি লুই ফিগো। রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে ‘এল ক্ল্যাসিকো’ মানেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মর্যাদার লড়াই। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সময় থেকে শুরু করে বর্তমানের ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামালের দ্বৈরথ—এই দুই ক্লাবের লড়াই ঘিরে সমর্থকদের আগ্রহ সব সময়ই তুঙ্গে।
কলকাতার ম্যাচে দুই দলের সাবেক সুপারস্টারদের সরাসরি দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। এর আগে ২০২৫ সালের এপ্রিলে ভারতের নবি মুম্বাইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিংবদন্তি খেলোয়াড়দের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ।
কলকাতায় অনুষ্ঠেয় ম্যাচে দুই দলের হয়ে কারা মাঠে নামবেন, সেই চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে রিয়াল মাদ্রিদের লেজেন্ডস দলে সাধারণত লুই ফিগো, ইকার ক্যাসিয়াস, পেপে ও রবার্তো কার্লোসের মতো তারকাদের দেখা যায়।
অন্যদিকে বার্সেলোনার সাবেক তারকাদের দলে থাকতে পারেন রিভালদো, রোনালদিনহো ও কার্লেস পুয়োলের মতো বিশ্বখ্যাত ফুটবলাররা। তবে তাঁদের কলকাতার ম্যাচে অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সাধারণ ফুটবলপ্রেমীরাও যাতে মাঠে বসে এই ম্যাচ উপভোগ করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে টিকিটের দাম নাগালের মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
কলকাতায় শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কোন কোন কিংবদন্তি খেলোয়াড় আসবেন, তা জানতে এখন অপেক্ষা করতে হবে আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণার।