খেলা শুরুর আগে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ম্যাচ শুরুর আগ মুহূর্তে দলকে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন জাকি। প্রথমে বিষয়টি স্পষ্ট না হলেও অল্প সময়ের মধ্যেই বোঝা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে মাঠে থাকা ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী […]
ছবি: সংগৃহীত
খেলা শুরুর আগে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।
ম্যাচ শুরুর আগ মুহূর্তে দলকে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন জাকি। প্রথমে বিষয়টি স্পষ্ট না হলেও অল্প সময়ের মধ্যেই বোঝা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে মাঠে থাকা ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ফিজিওরা দৌড়ে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করেন।
মাঠেই প্রায় পাঁচ মিনিট সিপিআর দেওয়া হয়। এরপর দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, “হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে যে মাহবুব আলী জাকি মারা গেছেন।”
তিনি আরও জানান, হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহের প্রক্রিয়া চলছে। পরিবারের সদস্যরা এখনো ঘটনাস্থলে পৌঁছাননি। লাশ কোথায় নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, খেলোয়াড় ও সংশ্লিষ্টরা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।