জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখলেও এর প্রকৃত ফল ভোগ করছে রাজনৈতিক নেতারা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার প্রক্রিয়া যদি সংসদে বাস্তবায়ন না হয়, তবে সেই লড়াই আবারও রাজপথে গড়াবে এবং সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদে যদি কথা বলার পরিবেশ না থাকে, তাহলে রাজপথেই […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখলেও এর প্রকৃত ফল ভোগ করছে রাজনৈতিক নেতারা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার প্রক্রিয়া যদি সংসদে বাস্তবায়ন না হয়, তবে সেই লড়াই আবারও রাজপথে গড়াবে এবং সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদে যদি কথা বলার পরিবেশ না থাকে, তাহলে রাজপথেই চূড়ান্ত ফয়সালা হবে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এনসিপির এক বছর পূর্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এক বছরের পথচলায় আমাদের অনেক ভুল-ত্রুটি ছিল। তবে আমাদের অস্তিত্বের মূলে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিকড় থেকেই বাংলাদেশপন্থি রাজনীতির আদর্শ ধারণ করে এনসিপির যাত্রা শুরু হয়েছিল।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের মতো চব্বিশের গণঅভ্যুত্থানেও ছাত্র সমাজের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ছাত্ররা দায়িত্ব নিলেও রাজনৈতিক নেতারা গণভোটের অজুহাতে সংস্কার পরিষদের শপথ নেননি। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের অনীহা ও গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে।
সরকারের কঠোর সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে সরকার বাংলাদেশ ব্যাংক দখলের নির্লজ্জতা দেখিয়েছে। অথচ তারা আগে বলেছিল, কোনো গভর্নর বসানো হবে না। তিনি অবিলম্বে বর্তমান গভর্নরকে সরিয়ে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত্যার বিচারের আগে অবশ্যই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার ছাড়া দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।