গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। তিনি দাবি করেন, বিরোধী দল জনগণের ওপর চাপ প্রয়োগ করে এই ভোট আদায় করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের (বিধি-৬২) ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি […]
ছবি: সংগৃহীত
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। তিনি দাবি করেন, বিরোধী দল জনগণের ওপর চাপ প্রয়োগ করে এই ভোট আদায় করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের (বিধি-৬২) ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
পার্থ বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন এক রাজনৈতিক প্রবণতা দেখা যাচ্ছে, যা অতীতের সরকারের আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তার ভাষায়, কোনো সমালোচনা করলেই তা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। “আমরা যদি কোনো প্রশ্ন তুলতাম, তখন বলা হতো—আপনারা যুদ্ধাপরাধের বিচার চান না। এখনো একই ধরনের আচরণ দেখতে পাচ্ছি,” বলেন তিনি।
জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, সনদের মূল বিষয়ে আপত্তি না থাকলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গুরুতর সমস্যা রয়েছে। “আপনারা কোন প্রক্রিয়ায় এটি করতে চান? আমরা আগে থেকেই আপত্তি জানিয়েছি,”—যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, যদি এত বড় পরিবর্তন আনার পরিকল্পনা থাকত, তাহলে তখনই একটি বিপ্লবী সরকার গঠন করা যেত। “সংবিধান ছিঁড়ে ফেলে নতুন করে তৈরি করতে পারতেন। কিন্তু এখন পুরোনো সংবিধানের ভেতরে থেকেই সেটিকে বাতিল করার চেষ্টা করা হচ্ছে, যা বাস্তবসম্মত নয়,” বলেন পার্থ।
সংবিধানের কাঠামো নিয়েও কথা বলেন তিনি। ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সময় রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে গিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের ক্ষমতা অনেক বাড়ানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতা থেকে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তবে তার মতে, সংবিধান ও জুলাই সনদের মধ্যে সমন্বয় করেই এগোতে হবে।
সংবিধান সংস্কার পরিষদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ। তিনি বলেন, প্রচলিত সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো পরিবর্তন করা উচিত নয়। আলোচনার মাধ্যমে আপত্তিগুলো সমাধানের আহ্বান জানান তিনি।
গণভোটের ফলাফল প্রসঙ্গে তিনি দাবি করেন, যদিও ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দেখানো হয়েছে, সংবিধান পরিবর্তনের পক্ষে প্রকৃত সমর্থন সে তুলনায় কম। পুনরায় তিনি অভিযোগ করেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে।”
জুলাই গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পার্থ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে তিনি সংবিধান পুরোপুরি বাতিলের ধারণার বিরোধিতা করে বলেন, “সংবিধানকে ছুড়ে ফেলে দেব কেন? পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ বাতিল করা যৌক্তিক নয়।”
এনসিপির উদ্দেশে তিনি আরও বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করতে হলে ইতিবাচক রাজনীতির চর্চা করতে হবে এবং অতীতের বিতর্কিত ধারায় না যাওয়ার আহ্বান জানান।