গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পরিকল্পিত ও ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে […]
ছবি: সংগৃহীত
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পরিকল্পিত ও ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস।
বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই তাঁদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।
গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক বিশ্বজুড়ে স্বীকৃত। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।
বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের আন্তর্জাতিক স্বীকৃতির কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ মডেল ও পদ্ধতি অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতেও ব্যাংকটি সহায়তা করে।
অধ্যাপক ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকটির মালিক। তাই ব্যাংকের ওপর হামলা তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে বলা হয়, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও দাবি করেন অধ্যাপক ইউনূস। তাঁর ভাষ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে তাঁর ধারণা, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।
তিনি আরও বলেন, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনা লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তাঁদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
অধ্যাপক ইউনূসের দাবি, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে ছড়ানো প্রচারণার বিষয়ে বিবৃতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, হামলাকারীরা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।
তিনি আরও বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।
বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। ব্যাংকটির সেবা যেন কোনো বাধা ছাড়াই অব্যাহত রাখা যায়, সে লক্ষ্যেই এ আবেদন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতিও আহ্বান জানান তিনি। তাঁর মতে, যারা সর্বোচ্চ পর্যায় থেকে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে আন্তর্জাতিক পর্যায় থেকেও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বিবৃতির শেষাংশে অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।