যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব অনুযায়ী, স্থায়ী অভিবাসী ভিসার আবেদনকারীদের কাছ থেকে অগ্রিম ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত জামানত (বন্ড) নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, স্বল্প আয়ের দেশগুলো থেকে অভিবাসন নিরুৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই […]
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব অনুযায়ী, স্থায়ী অভিবাসী ভিসার আবেদনকারীদের কাছ থেকে অগ্রিম ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত জামানত (বন্ড) নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, স্বল্প আয়ের দেশগুলো থেকে অভিবাসন নিরুৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই পরিকল্পনা পর্যালোচনা করছে।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর তথ্য অনুযায়ী, বিদেশে জমা দেওয়া স্থায়ী অভিবাসী ভিসার আবেদনগুলোর ক্ষেত্রে উচ্চমূল্যের জামানত আরোপের প্রস্তাব নিয়ে প্রশাসনের ভেতরে আলোচনা চলছে। কিছু কর্মকর্তা এই জামানতের পরিমাণ ১ লাখ মার্কিন ডলার নির্ধারণের পক্ষে মত দিয়েছেন।
প্রাথমিকভাবে সীমিত সংখ্যক দেশের আবেদনকারীদের ওপর পরীক্ষামূলকভাবে এই নীতি কার্যকর করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীকে নির্ধারিত অর্থ জামানত হিসেবে জমা রাখতে হবে। পরে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে সেই অর্থ ফেরত দেওয়া হবে। তবে নাগরিকত্ব পেতে সাধারণত কয়েক বছর সময় লাগতে পারে।
পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এই জামানত মূলত আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। কোনো গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের ব্যয়ভার বহনে ব্যর্থ হলে সরকারের সম্ভাব্য ঝুঁকি কমানোই এর উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট—যারা যুক্তরাষ্ট্রে অভিবাসন করতে চান, তাদের অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সক্ষমতা থাকতে হবে।
তিনি জানান, নির্দিষ্ট কিছু ভিসা আবেদনকারীর কাছ থেকে জামানত নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যাতে তারা নিজেদের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে পারেন।
বিশ্লেষকদের মতে, এত বড় অঙ্কের জামানত আরোপ করা হলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর বহু আবেদনকারীর জন্য গ্রিন কার্ডের আবেদন করা কঠিন হয়ে পড়বে। ফলে নীতিটি কার্যকর হলে অভিবাসনের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
বর্তমানে এই ধরনের স্থায়ী অভিবাসী ভিসা মূলত যুক্তরাষ্ট্রের নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য ব্যবহৃত হয়। এর আওতায় স্বামী বা স্ত্রী, বাবা-মা, সন্তান এবং ভাই-বোন আবেদন করতে পারেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৫ লাখ এ ধরনের ভিসা ইস্যু করা হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়ায় অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দিয়েছিল। সেই সিদ্ধান্ত এখনও বিভিন্ন আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে।
এর আগে জুন মাসে বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা আবেদনে নিয়োগদাতাদের ওপর ১ লাখ ডলারের অতিরিক্ত ফি আরোপের উদ্যোগ নেয় প্রশাসন। তবে এক ফেডারেল বিচারক রায় দেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের ফি কার্যকর করার ক্ষমতা প্রশাসনের নেই।
গত বছর ট্রাম্প প্রশাসন ‘ট্রাম্প গোল্ড কার্ড’ কর্মসূচিও চালু করেছিল। ওই কর্মসূচির আওতায় দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ পেতে আবেদনকারীদের ১০ লাখ মার্কিন ডলার এবং অতিরিক্ত ১৫ হাজার ডলার আবেদন ফি দিতে হতো। তবে কর্মসূচিটি প্রত্যাশিত সাড়া পায়নি। মে মাস পর্যন্ত মাত্র ৩৩৮টি আবেদন জমা পড়ে এবং অনুমোদন দেওয়া হয় মাত্র একটি।
সূত্র: দ্য টেলিগ্রাফ, ওয়াল স্ট্রিট জার্নাল