সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:৩৯ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬

চাকরি হারানোর ক্ষোভে আগুন, নিউইয়র্কে শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। তদন্তকারীদের দাবি, চাকরি হারানোর ক্ষোভ থেকেই এক ব্যক্তি বহুতল ভবনে আগুন লাগান। অভিযুক্ত ৩৮ বছর বয়সী রোমান আমাতিতলা সম্প্রতি একটি ফুড প্রসেসিং প্রতিষ্ঠানের চাকরি হারান। প্রসিকিউটরদের ভাষ্য, কর্মস্থলে বিরোধের জেরে চাকরি চলে যাওয়ার পর তিনি তীব্র ক্ষোভে ছিলেন। সেই রাগ থেকেই গত ১৬ মার্চ ফ্লাশিং […]

চাকরি হারানোর ক্ষোভে আগুন, নিউইয়র্কে শিশুসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। তদন্তকারীদের দাবি, চাকরি হারানোর ক্ষোভ থেকেই এক ব্যক্তি বহুতল ভবনে আগুন লাগান।

অভিযুক্ত ৩৮ বছর বয়সী রোমান আমাতিতলা সম্প্রতি একটি ফুড প্রসেসিং প্রতিষ্ঠানের চাকরি হারান। প্রসিকিউটরদের ভাষ্য, কর্মস্থলে বিরোধের জেরে চাকরি চলে যাওয়ার পর তিনি তীব্র ক্ষোভে ছিলেন। সেই রাগ থেকেই গত ১৬ মার্চ ফ্লাশিং এলাকার একটি আবাসিক ভবনের প্রথম তলায় আগুন ধরিয়ে দেন।

তদন্তে জানা গেছে, কাছের একটি গ্যাস স্টেশন থেকে বিয়ার ও ম্যাচ কেনার পর তিনি ১৩২-০৫ অ্যাভেরি অ্যাভিনিউয়ের ভবনের হলওয়েতে জমে থাকা ময়লার ওপর কাগজে আগুন লাগান। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

আগুনের তীব্রতা বাড়তে থাকলে প্রাণ বাঁচাতে অন্তত পাঁচজন বাসিন্দা জানালা দিয়ে লাফ দেন। এ ঘটনায় ৩ বছর বয়সী শিশু সিহান ইয়াং, চিয়ে শিন মিং এবং ৫০ বছর বয়সী চেংরি কুই নিহত হন। এছাড়া হং ঝাও নামের আরেক বাসিন্দা জানালা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়ে মারা যান।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, ঘটনাটি অত্যন্ত বিশৃঙ্খল ও উদ্বেগজনক। তার ভাষায়, অভিযুক্ত জানতেন যে এমন আগুন বহু মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে পারে।

অগ্নিকাণ্ডে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। কারও শরীর দগ্ধ হয়েছে, কেউ মাথায় আঘাত পেয়েছেন, আবার কারও হাড় ভেঙেছে বলে জানা গেছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক ফায়ারফাইটার ও এক লেফটেন্যান্টও আহত হন। সিঁড়িঘরের একটি অংশ ধসে পড়ায় তারা নিচে পড়ে যান।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে নিহতদের কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। তবে ক্ষোভের বশে তিনি এমন কাজ করেছেন, যার ভয়াবহ পরিণতি সম্পর্কে তিনি সচেতন ছিলেন।

তার বিরুদ্ধে একাধিক হত্যা, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ আনা হয়েছে। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বর্তমানে তিনি জামিন ছাড়াই আটক রয়েছেন।

অভিযুক্তের আইনজীবী বলেছেন, অভিযোগ আনা মানেই দোষী প্রমাণ নয়; আদালতে তারা জোরালোভাবে তার পক্ষে লড়বেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ