তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে। গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আরও প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে মোট অনুদানের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা। রোববার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ […]
ছবি: সংগৃহীত
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে। গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আরও প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে মোট অনুদানের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।
রোববার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তিনি জানান, কপ-৩১ সম্মেলন চলাকালে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে বাংলাদেশের জন্য এই অনুদান নিশ্চিত হয়েছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে পাওয়া যাবে ৩ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা। অন্যদিকে গ্লোবাল শিল্ড থেকে পাওয়া যাবে ৩ কোটি ইউরো, যার পরিমাণ প্রায় ৪১০ কোটি টাকা। নিশ্চিত হওয়া এই অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে, ফলে বাংলাদেশকে তা ফেরত দিতে হবে না।
ড. সাইমুম পারভেজ বলেন, গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে শেষ করতে পারলে অতিরিক্ত ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অনুদানের অর্থ ব্যবহারের বিষয়ে তিনি জানান, সিআইএফের অর্থ সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। আর গ্লোবাল শিল্ডের অর্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় ব্যবহার করা হবে। জলবায়ু বীমা নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোও এই সহায়তার আওতায় আসতে পারবে। পুরো কার্যক্রম তদারক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
জলবায়ু অর্থায়নে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরে বিশেষ সহকারী বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে অর্থায়ন বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে।
তার ভাষ্য, বিশ্বজুড়ে জলবায়ু অর্থায়নে অনুদানের অংশ কমে যাচ্ছে; বাড়ছে ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা। এ পরিস্থিতিতে গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অনুদানভিত্তিক অর্থায়নের দাবি তুলেছে। প্রয়োজনে সহজ শর্তে ঋণ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখার কথা জানানো হয়েছে।
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে ড. সাইমুম পারভেজ বলেন, প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরেছেন, জাতীয় বক্তব্য দিয়েছেন এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। ব্যস্ত কর্মসূচির মধ্যেও সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে তিনি প্রাণ ও প্রকৃতি রক্ষায় তাঁর ব্যক্তিগত অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
সম্মেলনের সময় বাড়ানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার সময়ও গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের দরকষাকষি চলছিল।
এ ছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকেও আরও অর্থায়ন নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান বিশেষ সহকারী।
ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। ড. সাইমুম পারভেজ জানান, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করা এবং বননির্ভর মানুষের জীবনমান উন্নয়নে এই জোটের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশের প্রতিনিধিদল ও প্যাভিলিয়ন প্রসঙ্গে তিনি বলেন, এবারের সম্মেলনে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক অংশীদার, তরুণ জলবায়ুকর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের অনেকের ব্যয় বহন করেছে আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলো।
বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-অনুষ্ঠান হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী সম্মেলনে প্রতিনিধিদল নির্বাচনের ক্ষেত্রে কার্যকর অবদান রাখার সক্ষমতাকে আরও গুরুত্ব দেওয়া হবে।
কার্বন ক্রেডিট বিক্রি নিয়ে ড. সাইমুম পারভেজ বলেন, গত সাত-আট মাস ধরে এ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গেও আলোচনা হয়েছে। লেনদেন চূড়ান্ত হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।